Term Insurance: অনেকেই বেশি বয়স পর্যন্ত টার্ম ইন্সিওরেন্স করেন, কিন্তু এতে আসলে ক্ষতিই বেশি হয়, জানেন কেন?
Personal Finance: কোনও কারণে পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তির মৃত্যু হলে তাঁর উপর যাঁরা নির্ভর করে থাকেন, তাঁরা যাতে কোনও অর্থনৈতিক সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যেই এই টার্ম ইন্সিওরেন্স করা হয়।

কলকাতা: যে কোনও পরিবারের ক্ষেত্রে অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে টার্ম ইন্সিওরেন্স একা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনও কারণে পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তির মৃত্যু হলে তাঁর উপর যাঁরা নির্ভর করে থাকেন, তাঁরা যাতে কোনও অর্থনৈতিক সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যেই এই টার্ম ইন্সিওরেন্স করা হয়। অনেকেই মনে করেন, ৬০ বছর কেন, আরও একটু বেশি বয়স পর্যন্ত যদি এই বিমার সুবিধা থাকে, তাহলে পরিবারের সুরক্ষা আরও বেশি থাকে। কিন্তু শুধুমাত্র বেশি বয়স পর্যন্ত কবরেজ থাকলে সেটাকে ভাল হবে বলে ধরে নেওয়া যায় না। এর কারণ হল বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দায়িত্বের ধরণও বদলে যায়।
টার্ম ইনস্যুরেন্সের মেয়াদ ঠিক করার আগে নিজের আর্থিক দায়িত্বের সময়সীমা বোঝা জরুরি। ধরুন, কোনও ব্যক্তির বর্তমান বয়স ৩০ বছর বা ৪০ বছর। এই সময়ে তাঁর সন্তানের পড়াশোনা, বাড়ির ঋণ যদি থাকে, তার কিস্তি এবং পরিবারের অন্যান্য খরচের দায়িত্ব থাকতে পারে। কিন্তু ৫০-এর শেষ বা ৬০-এর শুরুর দিকে সেই দায়িত্ব অনেকটাই কমে আসার সম্ভাবনা থাকে।
এর একটা বড় কারণ হল একটা নির্দিষ্ট বয়সের পর সন্তান স্বনির্ভর হয়ে যায় বা বাড়ির লোন মিটে যায়। এ ছাড়াও অন্যান্য লোন সেই ভাবে থাকে না। এর ফলে ওই ব্যক্তির উপর পরিবারের অর্থনৈতিক নির্ভরশীলতা অনেকটা কমে যায়। ফলে তখন আগের মতো বড় অঙ্কের জীবনবিমার প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। তাই কতদিন পর্যন্ত পরিবারের সদস্যরা আপনার আয়ের উপর নির্ভরশীল থাকবেন, সেই হিসাব করেই বিমার মেয়াদ নির্ধারণ করা উচিত।
৭০ বছর বয়স পর্যন্ত টার্ম ইনস্যুরেন্স চালু রাখলে দীর্ঘ সময় ধরে প্রিমিয়াম দিতে হয়। অথচ এমনও হতে পারে, ৬০ বছর বয়সের পর পরিবারের সদস্যরা আর আপনার আয়ের উপর আগের মতো নির্ভরশীল নন। সেক্ষেত্রে যে সময়ের জন্য বিমার কভারেজ নেওয়া হচ্ছে, তার জন্য অতিরিক্ত প্রিমিয়াম দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
বিশেষ করে যাঁদের অবসর জীবনের জন্য পর্যাপ্ত সঞ্চয়, বিনিয়োগ এবং অন্যান্য সম্পদ রয়েছে, তাঁদের ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে বড় অঙ্কের টার্ম কভারের অতিরিক্ত সুবিধা সীমিত হতে পারে।
৬০ বা ৬৫ বছর বয়সের পর সাধারণত আর্থিক পরিকল্পনার অগ্রাধিকার বদলে যায়। কর্মজীবনে মূল লক্ষ্য থাকে নিয়মিত আয় দিয়ে পরিবারের খরচ চালানো, ঋণ পরিশোধ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় তৈরি করা। কিন্তু অবসরের পর গুরুত্ব পায় সঞ্চিত সম্পদ ধরে রাখা, চিকিৎসার খরচ সামলানো এবং পরবর্তী প্রজন্মের জন্য সম্পদ রেখে যাওয়া।
টার্ম ইনস্যুরেন্সের প্রধান কাজ কোনও পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তির অবর্তমানে সেই টাকার ঘাটতি মেটানো। তাই নিয়মিত উপার্জনের সময় শেষ হওয়ার পর এই বিমার প্রয়োজনীয়তা কমে যেতে পারে।
তবে ৬০ বছরের বেশি বয়স পর্যন্ত টার্ম ইনস্যুরেন্স নেওয়া যে সব ক্ষেত্রেই ভুল, তা নয়। যাঁরা ৬০ বছর বয়সের পরেও কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, যাঁদের উপর দীর্ঘদিন পরিবারের সদস্যদের আর্থিক দায়িত্ব থাকবে অথবা যাঁদের ঋণের বোঝা ৬০-এর দশকেও বহাল থাকবে, তাঁদের ক্ষেত্রে দীর্ঘ মেয়াদের বিমা কার্যকর হতে পারে।
সুতরাং, শুধু বেশি বয়স পর্যন্ত কভারেজ পাওয়ার সুযোগ রয়েছে বলেই বেশী বয়স পর্যন্ত টার্ম ইনস্যুরেন্স নেওয়া উচিত নয়। বরং পরিবারের আর্থিক দায়িত্ব কতদিন থাকবে, নির্ভরশীল সদস্যরা কবে স্বনির্ভর হবেন এবং অবসরের সময় কতটা সম্পদ তৈরি হতে পারে, সেই হিসাব করা প্রয়োজন। যে সময় পরিবারের সবচেয়ে বেশি আর্থিক সুরক্ষার প্রয়োজন, মূলত সেই সময়টুকু মাথায় রেখেই টার্ম ইনস্যুরেন্সের মেয়াদ নির্ধারণ করা বুদ্ধিমানের কাজ।
সেরা শিরোনাম






















