সমীরণ পাল, ভাটপাড়া: দীর্ঘদিন পর ভাটপাড়া পুরসভায় এলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। আর সেখানে এসেই এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। মঙ্গলবার পুরসভায় এসে তিনি সরাসরি উন্নয়ন থমকে যাওয়া, শ্রমিকদের বেতন বন্ধ থাকা এবং দুর্নীতির অভিযোগ নিয়ে তীব্র আক্রমণ শানান।

Continues below advertisement

আরও পড়ুন: 'বিবেকের দংশন, শিক্ষকদের মারের দাগ আমার গায়ে লাগত', তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল

অর্জুন সিং বলেন, “২০১৯ সালের পর এই প্রথম ভাটপাড়া পৌরসভায় এলাম। এই পৌরসভায় উন্নয়নের কাজ আটকে গেছে, শ্রমিকদের বেতন হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের যে সব প্রকল্প রয়েছে, সেগুলির সুবিধাও দেওয়া হচ্ছে না। ফলে উন্নয়নের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।” তাঁর দাবি, প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির কারণেই এলাকার পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে।

Continues below advertisement

পুরসভার দুর্নীতি নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এই সব কিছুর বিরুদ্ধে পুরসভাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। স্পষ্ট করেই তিনি জানান, "পুরসভায় যে দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে।"

আরও পড়ুন: 'দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়', সচিবদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

পুরসভার চেয়ারম্যানের অনুপস্থিতি নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। তিনি বলেন, "আমরা কিছু করব না। কিন্তু রাস্তায় সাধারণ মানুষ যদি কিছু বলে বা করে, তার দায়িত্ব আমরা নিতে পারি না। এতদিন মানুষের টাকা লুঠ হয়েছে, মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছে।"

অর্জুন সিংয়ের এই মন্তব্যের পর পুরসভার তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। যদিও বিজেপি পুর প্রশাসন নিয়ে একাধিক অভিযোগ তুলছে। আর এরই মধ্যে অর্জুন সিংয়ের এই বক্তব্যের ফলে পুরসভার নির্বাচিত জন প্রতিনিধি থেকে সরকারি কর্মচারী, সকলেরই একটু হলেও চাপ বাড়ছে বলেই মনে করা হচ্ছে।

এর আগে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি ব্যারাকপুর পুরসভায় গিয়েছিলেন। সেখানে, তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কথা বললেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী (Kaustuv Bagchi)।  'আপনারা আপনাদের মতো কাজ চালিয়ে যান', কাউন্সিলারদের সঙ্গে আশ্বস্ত করে বার্তা ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর।

দিনকয়েক আগেই ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলাররা পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। আর সেই কারণেই তাঁদের সঙ্গে দেখা করেছিলেন নবনির্বাচিত বিধায়ক কৌস্তভ। সেই কাউন্সিলারদের অভয় দিলেন, আশ্বস্ত করলেন ব্যারাকপুরের নবনির্বাচিত বিজয়ী প্রার্থী। কৌস্তভ এ বিষয়ে কথা বলতে গিয়ে জানান তৃণমূলের মতো ভুল বিজেপি করবে না।