Darjeeling : দার্জিলিংয়ে প্রকৃতির তাণ্ডব ! ফের ভেঙে পড়ল দুধিয়া সেতু, যানচলাচল বন্ধ
Darjeeling News : আজ ফের ব্রিজ ভেঙে পড়ল। তার ফলে গাড়ি যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে। দ্রুত ব্রিজ মেরামতের চেষ্টা করছে প্রশাসন।

মোহন প্রসাদ, দার্জিলিং : দার্জিলিঙে অতিবৃষ্টির জেরে আজ দুধিয়ায় হিউম পাইপ ব্রিজ ভেঙে পড়ল। ভোর ৪টে নাগাদ ব্রিজ ভেঙে পড়ে। কিছুদিন আগেও এই ব্রিজের ক্ষতি হয়েছিল। মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। তখন সেনা ও PWD যৌথভাবে একটি বেইলি ব্রিজ তৈরি করে। মুখ্যমন্ত্রী সেই ব্রিজের উদ্বোধনও করেন। কিন্তু এই ব্রিজের উপর দিয়ে ভারী গাড়ির যাতায়াত সম্ভব না হওয়ায় ফের হিউম পাইপ ব্রিজ তৈরি করা হয়। আজ ফের সেই ব্রিজ ভেঙে পড়ল। তার ফলে গাড়ি যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে। দ্রুত ব্রিজ মেরামতের চেষ্টা করছে প্রশাসন।
উত্তরবঙ্গের জন্য অতি গুরুত্বপূর্ণ এই দুধিয়া সেতু। একটু বেশি বৃষ্টি হলেই ক্ষতিগ্রস্ত হয় দার্জিলিং জেলার এই দুধিয়া সেতু। আর গুরুত্বপূর্ণ এই ব্রিজ ভেসে গেলেই দার্জিলিং - এর যোগাযোগ ব্যবস্থা মঙের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। এ বার উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে।
গত জুন মাসে এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসে ভারতীয় সেনার ‘ত্রিশক্তি’ কোর। দুধিয়ায় বালাসন নদীর উপর একটি ফুটব্রিজ তৈরি করে সেনা। সেতুটির দৈর্ঘ ছিল মোটামুটি ৩৪ মিটার। এর ফলে ফের চালু হয় শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যোগাযোগ। পায়ে হেঁটে চলাচলের জন্য তৈরি করা হয়েছিল এই সেতু। এই ফুটব্রিজ মিরিক-পশুপতি রুটের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপর গাড়ির যাতায়াতের জন্য একটি বেইলি ব্রিজ তৈরি হয়। তারপর আবার হিউম পাইপ ব্রিজ তৈরি করা হয়। কিন্তু তারপরও আবার এই বিপত্তি।
গত কয়েকদিন ধরেই টানা দুর্যোগ চলছে উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টিতে জল বেড়েছে নদীগুলিতে। এর ওপর আতঙ্ক বাড়িয়েছে নেপালের সাম্প্রতিকতম প্রাকৃতিক দুর্যোগ। নেপাল বিপর্যয়ের পর আতঙ্ক বাড়ে দার্জিলিঙের মিরিকে। সাম্প্রতিক অতীতেই দার্জিলিং-এর মঙ্গরজং চা বাগানের রাংবাং নদীতে ধস নামে, ফলে আটকে যায় নদীর গতিপথ।
এরপরই ঘটনাস্থলে পৌঁছয় NDRF, SDRF. তাঁদের তরফে জানানো হয়, পরিস্থিতি উদ্বেগজনক নয়। তবে মেঘ ভাঙা বৃষ্টি হলে পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে। তাই সতর্ক থাকতে মিরিক থেকে শিলিগুড়ি পর্যন্ত নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আপাতত বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ। আগামী চার-পাঁচ দিনের মধ্যে ঝলমলে আকাশ দেখা যাবে না। দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তনের বিশেষ সম্ভাবনা নেই। আপাতত চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই সতর্ক থাকতে হবে। বিশেষত উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় বেশি বৃষ্টি হলেই ধসের প্রবণতা বাড়ে। তাই বেশি করে সতর্ক থাকতে হবে প্রশাসনকে।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee






















