কলকাতা: বিধাননগরের পর কলকাতা পুরসভাতেও ভাঙন। ইস্তফা দিলেন কলকাতা পুরসভার মেয়র। পালাবদলের রাজ্যে পদ ছাড়লেন কলকাতার মেয়র। তিনি এও বলেন, 'অনেক কাজ অসম্পূর্ণ থেকে গেল'।
পদত্যাগের পর সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন, 'এখানে ফিরহাদ হাকিম কেউ না। কিন্তু যে চেয়ারটায় বিশিষ্ট ব্যক্তিরা বসেছেন তাঁর আলাদা সম্মান, যখন মেয়র ছিলাম দাপটের সঙ্গে কাজ করেছি। মানুষদের সঙ্গে সঙ্গে রিলিফের কাজ করেছি। করোনা থেকে আমফান-আমার কাছে চ্যালেঞ্জ ছিল। এখন আর সম্ভব হচ্ছে না। এই চেয়ার ধরে বসে থেকে অবমাননা করতে পারি না। ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো অবস্থা। অনেক কাজ অসম্পূর্ণ থেকে গেল। তবে শুভেচ্ছা রইল আগামী দিনে যারা পুরসভা চালাবে। আমার থেকেও ভালভাবে চালাবে তারা। নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন মানুষকে সহায়তা করুন। যে বেস্ট সার্ভিস দেবে মানুষ তাকেই ক্ষমতায় রাখবে'।
ফিরহাদ হাকিম বলেন, 'দলের তরফে নেত্রীর কাছে পারমিশন চেয়েছি। আমি বলেছিলাম আমি সসম্মানে চলে যেতে চাই। উনি আমাকে বলেছেন ঠিক আছে'।
সূত্রের খবর, ফিরহাদ হাকিমের পদত্যাগের পর পুরবোর্ড ভেঙে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। ৬ মাস বাকি থাকতেই এদিন ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। বিজেপির পুর কমিশনার স্মিতা পাণ্ডে জানান যে তাঁরা পুরসভার সব দায়িত্ব নিতে প্রস্তুত।
আরও পড়ুন, বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগ কী কারণে দেখালেন?
অন্যদিকে গতকালই বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত বলেন, 'তৃণমূল নেতাদের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, যে পরিষেবা মানুষ পাবে। কর্পোরেশন না চললে পরিষেবা বন্ধ হয়ে যাবে। আমরা তো কোথাও ভাঙতে চাইছি না। বিজেপি কেন ভাঙবে? এরা তো নিজেই পালিয়ে যাচ্ছে'।
বৃহস্পতিবার কাজ করতে না পারার অভিযোগ তুলে, বিধাননগরের মেয়র পদে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। মেয়রের পদে ইস্তফা দিলেও কাউন্সিলর হিসাবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। চিঠিতে ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা বললেও, পরে কাজ করতে না পারার অভিযোগ করেন তিনি। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুরসভা থেকে বেরিয়ে যেতেই গঙ্গাজল দিয়ে সিঁড়ি ধুয়ে শুদ্ধকরণ করেন স্থানীয় এক ব্যক্তি।
ইতিমধ্যেই কলকাতা পুরসভার নিকাশি দফতরের মেয়র পারিষদের পদ ছেড়েছেন তারক সিং। দিন কয়েক আগেই কলকাতার পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্য়ান পদ থেকে ইস্তফা দেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। মিউনিসিপাল অ্য়াকাউন্টস কমিটির সদস্যপদ ত্যাগ করেন ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী।
