Habra: হাবড়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওষুধ কেনার জন্য বাইরে বেরোনোর পর উত্তর হাবরা ইউনাইটেড ক্লাবের সামনে স্থানীয় সন্তু ঘোষ ও সুরজিৎ সিকদার সানির ওপর চড়াও হয়।

সমীরণ পাল, হাবড়া (উত্তর ২৪ পরগনা): হাবড়ায় এক বিজেপি কর্মীকে মারধর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
উত্তর ২৪ পরগনা জেলার হাবরা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সানি সাহা। তিনি এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওষুধ কেনার জন্য বাইরে বেরোনোর পর উত্তর হাবরা ইউনাইটেড ক্লাবের সামনে স্থানীয় দুই যুবক সন্তু ঘোষ ও সুরজিৎ সিকদার সানির ওপর চড়াও হয়।দাবি, এই দুজন স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত। লাঠি ও হাত দিয়ে সানিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরে অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতেই হাবড়া হাসপাতালে ভর্তি করা হয় সানিকে। ঘটনায় হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। হাবড়া পৌর উত্তর মন্ডল সভাপতি ভাস্কর ব্যানার্জি বলেন, ভোট পরবর্তী হিংসা লেগেই রয়েছে। বিজেপি কর্মীদের বারেবারেই হুমকি দেওয়া ও মারধরের ঘটনাও ঘটছে। সানি সাহা বিজেপির একনিষ্ঠ কর্মী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
যদিও টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সিতাংশু দাস জানিয়েছেন, মারধরের ঘটনা তিনি শুনেছেন। কিন্তু সন্তু ও সুরজিৎ, তাঁরা কেউই তৃণমূল কর্মী নয়। এর সঙ্গে তৃণমূল কর্মীদের কোন যোগাযোগ নেই। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ ।আশা করি যারা জড়িত, তাদের শাস্তি দেবে প্রশাসন।
Before You Go
Kolkata Left Protest: কলকাতাতে CEC Gyanesh Kumar-র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি বামেদের | ABP Ananda





















