Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Suvendu Adhikari: ''ফলতার এক মস্তান ছিল, নাম তাঁর জাহাঙ্গির বলেছিল না 'পুষ্পা ঝুঁকেগা নেহি'।'' নির্বাচনের পর কোন হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ?

কলকাতা: শুরুটা হয়েছিল ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সময় জাহাঙ্গির খানের সেই হুঙ্কার দিয়ে,'পুষ্পা ঝুকেগা নেহি'। আর শেষটা হল একেবারে অন্য ধরনের, যা সবার জানা। জাহাঙ্গির এখন জেলে। আর প্রশাসনের নির্দেশে ভাঙা হচ্ছে তাঁর অট্টালিকা। আর এই ঘটনা নিয়ে কটাক্ষ-পাল্টা কটাক্ষে এখনও সরগরম রাজ্য রাজনীতি।
২০২৬-এর বিধানসভা নির্বাচনে জাহাঙ্গির খান ছিলেন ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী। তাঁর হয়ে ভোট প্রচারে গেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তখনও ক্ষমতায় ছিল তৃণমূল। জাহাঙ্গিরের গলায় তখনও ছিল সেই হুঙ্কার। তখন তিনি বলেছিলেন, ''পুষ্পা কি ভয় পেল? পুষ্পা ঝুকেগা নেহি। শুরু ওরা করেছে শেষটা আমরা করব। জো ডর গয়া উয়ো মর গয়া।'' কিন্তু আজ চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এক সময় তাঁর দাপট ছিল ভয়ঙ্কর। জাহাঙ্গির খানের নাম শুনলে ফলতায় বাঘে-গরুতে একঘাটে জল খেত। সেই জাহাঙ্গির খান আজ জেলবন্দি। প্রশাসনের হাতুড়ির ঘায়ে চূর্ণ-বিচূর্ণ হচ্ছে তাঁর অট্টালিকা। বুধবার থেকে ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গির খানের বেআইনি বাড়ি ভাঙা শুরু করেছে জেলা প্রশাসন।
গত ২৯ এপ্রিল ছিল রাজ্যের শেষ দফা বিধানসভা ভোট। ফলতা বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। পুনর্নির্বাচনের দাবি তোলেন শুভেনদু অধিকারী। নির্বাচন কমিশনও পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। তারপর ৪ মে বাকি ২৯৩ আসনের ফলঘোষণা হয়ে যায়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে প্রথম বার ক্ষমতা দখল করে বিজেপি। এরপর পুনর্নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন জাহাঙ্গির। সেই পুনর্নির্বাচনের সময়ও জাহাঙ্গির খানের নাম শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারীর মুখে। তিনি বলেছিলেন, ''কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। ২০২১, ভোট পরবর্তী হিংসা, জাতীয় মানবাধিকার কমিশন ১৯ জনকে কুখ্য়াত দুষ্কৃতী ঘোষণা করেছিল। যার মধ্য়ে এই ভাইপোর জাহাঙ্গিরও ছিল। আমার ওপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম।'' তিনি আরও বলেন, ''ফলতার এক মস্তান ছিল, নাম তাঁর জাহাঙ্গির বলেছিল না 'পুষ্পা ঝুঁকেগা নেহি'। ফলতার পুনর্নির্বাচনের আগে 'ঝুঁকেগা নেহি' শুয়ে পড়েছিল।'' রাজ্যে পালাবদলের পর এভাবেই স্বঘোষিত পুষ্পাকে বার বার নিশানা করেন মুখ্যমন্ত্রী।
চলতি বছরের ৮ জুন নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গির খানকে। গ্রেফতারির পরই জনরোষ আছড়ে পড়ে জাহাঙ্গির খানের এই বাড়িতে। অভিযোগ, গ্রেফতারির ৮ দিন পর ১৬ জুন, জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়াতে, তাঁরই স্ত্রী সারিকা বিবি ওরফে রেজিনার নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়। কিন্তু পুলিশ, RAF-এর সামনে পুষ্পা-বাহিনীর পরিকল্পনা ভেস্তে যায়। এরপর মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, ''শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে, সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে।'' আর এবার সেই কাজ শুরু করেছে প্রশাসন। এবার জাহাঙ্গির খানের বাড়ি ভাঙা শুরু করল প্রশাসন।
জাহাঙ্গির খানের বেআইনি সম্পত্তি ও বাড়ি ভাঙা নিয়ে ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা বলেন, ''এটা সম্পূর্ণ সরকারি প্রক্রিয়া, সরকারিভাবেই হচ্ছে। ১৯৩টা দলিল পাওয়া গেছে জাহাঙ্গির খান এবং জাহাঙ্গির খানের স্ত্রীর নামে। স্থাবর, অস্থাবর প্রচুর সম্পত্তি, প্রচুর বাড়ি ঘরদোর রয়েছে বেআইনিভাবে। সম্পূর্ণভাবে কোর্ট অর্ডারের মাধ্যমেই হচ্ছে এটা। সে জেলে আছে, এবার আস্তে আস্তে এগুলোও শেষ হবে। এগুলো ভেঙে দেওয়া উচিত।''
Before You Go
CM Suvendu Adhikari: "সরকার ক্ষতিপূরণও আদায় করবে", কোন প্রসঙ্গে বলেছিলেন মুখ্যমন্ত্রী? | ABP Ananda























