TMC News: কসবা জমি কেলেঙ্কারি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখে সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Kasba Land Scam: পুলিশ সূত্রে খবর, সোনা পাপ্পুর চালানো ওই সিন্ডিকেট থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন কিনা জানতে তলব করা হয়েছিল বিজনলাল মুখোপাধ্যায়কে। সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চলে।

আবির দত্ত, কলকাতা : কসবা এলাকায় জমি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় এবার ED-র জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলাল মুখোপাধ্যায়কে। কিছুদিন আগেই এই প্রাক্তন কাউন্সিলরের ছেলে সম্রাট মুখোপাধ্যায়কে প্রায় ৩৪ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনেও রুজু করা হয় মামলা। ছেলের পর এবার আতসকাচের তলায় কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন কাউন্সিলরের ভূমিকা। পুলিশ সূত্রে খবর, সোনা পাপ্পুর চালানো সিন্ডিকেট থেকে এই ব্যক্তি আর্থিকভাবে লাভবান হয়েছেন কিনা, তা জানতেই তলব করা হয়েছিল বিজনলাল মুখোপাধ্যায়কে। সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর থেকে বেশ কিছু নথি জমা নেওয়া হয় বলেও ED সূত্রে খবর।
বেআইনি ভাবে জমি দখল এবং তারপর সেইসব জমিতে বিভিন্ন কনস্ট্রাকশনে মাধ্যমে মোটা অঙ্কের মুনাফা লাভের অভিযোগ - এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিন্হা বিশ্বাস, বেহালার ব্যবসায়ী জয় এস কামদার এবং কসবার সোনা পাপ্পুকে। সেই মামলায় সোনা পাপ্পুর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার সময় ইডি দাবি করে, জেরায় সোনা পাপ্পু জানিয়েছে যে, স্থানীয় কাউন্সিলর তাঁর হাতে ছিলেন এবং সেই জন্যই বিভিন্ন জায়গায় যে অনুমতি নেওয়ার ব্যাপার, টাকার বিনিময়ে তা করে নিতে পারতেন তিনি। এই পরিপ্রেক্ষিতে স্থানীয় কাউন্সিলরের কথা সামনে এলেও নাম প্রকাশ্যে আসেনি, তবে তাঁর ভূমিকা থাকতে পারে বলে জানায় ইডি। তিলজলা-সহ কসবার বিভিন্ন অঞ্চলে জমি কেলেঙ্কারি সংক্রান্ত যেসব অভিযোগ, সিন্ডিকেটের অভিযোগ, তোলাবাজির অভিযোগ সামনে এসেছিল তার তদন্ত ইডি করছে। সেই সূত্রে সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর তার মাধ্যমেই সামনে আসে বিজনলালের নাম। আর সেই সূত্রেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৬৭ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরকে।
'জাত তুলে গালাগাল, তাও আবার ডিরেক্টরের নির্দেশে', গুরুতর অভিযোগ IIT বম্বের মৃত ছাত্রের বাবার
তোলাবাজি, জমি সংক্রান্ত কেলেঙ্কারি, ভয় দেখিয়ে জমি দখল, টাকা আদায়- সহ একধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে সোনা পাপ্পুকে। তাঁকে জেরা করেই একে একে ফাঁস হয় শান্তনু সিন্হা বিশ্বাস এবং ব্যবসায়ী জয় এস কামদারের নাম।
Before You Go
Lok Sabha News | সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন | ABP ANANDA LIVE






















