Train Accident: কাজ করছিল না ব্রেক, লাল সিগন্যাল দেখেও থামানো যায়নি ট্রেন! প্রকাশ্যে দুর্ঘটনার মুহূর্তের ফুটেজ
Train Derailed: যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে শোনা যাচ্ছে, ট্রেনের চালক বলছেন বিপি কাজ করছে না। ট্রেনের এই ভিডিও কন্ট্রোলরুমে পৌঁছে যাচ্ছিল, সেই কারণেই বেশ কিছু পরিভাষা ব্যবহার করতে শোনা গিয়েছে

কলকাতা: একাধিক যন্ত্র বিকল হয়ে গিয়েছিল, সিগন্যাল লাল দেখেও ট্রেন থামাতে পারেননি চালক! প্রকাশ্যে সকালে দুর্ঘটনা ঘটে যাওয়া ট্রেন, কলকাতা-সাইরাং এক্সপ্রেসের চালকের আসনের ভিডিও। সদ্যই সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ট্রেনের চালক আপ্রাণ চেষ্টা করছে ট্রেন থামানোর, কিন্তু কাজ করছে না কোনও যন্ত্রই! ভয়াবহ এই ভিডিও দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে কিছু মানুষের আঘাত গুরুতর। তবে কারও মৃত্যু হয়নি, রেলের সূত্রে এমনটাই জানানো হয়েছে। আহতদের ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, তাঁদের চিকিৎসা চলছে।
ঠিক দুর্ঘটনার সময়ে কী ঘটেছিল ট্রেনের ভিতরে? প্রকাশ্যে সেই ভিডিও
যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে শোনা যাচ্ছে, ট্রেনের চালক বলছেন বিপি কাজ করছে না। যেহেতু ট্রেনের এই ভিডিও কন্ট্রোলরুমে পৌঁছে যাচ্ছিল, সেই কারণেই বেশ কিছু পরিভাষা ব্যবহার করতে শোনা গিয়েছে চালককে। তিনি বলছেন বিপি, এখানে এই কথার অর্থ ব্রেক পাইপ। এটি ট্রেনের গতি নিয়ন্ত্রণে সাহায্য করে। এর পরে তিনি বলেন, কাজ করছে না A9 এবং SA9। A9-এর পুরো কথা অটোমেটিক ব্রেক ভাল্ব। এটি লোকো মোটিফ থেকে শুরু করে ট্রেনের ইঞ্জিন, ওয়াগন.. এই সমস্ত কিছুর ব্রেক হিসেবে কাজ করে। দুর্ঘটনার সময়ে কাজ করেনি এটিও। এমনকি এমার্জেন্সি ব্রেকও কাজ করেনি বলে অভিযোগ। কাজ করেনি সেলফ ল্যাপিং ডিরেক্ট ব্রেক ভালব ও! এটি মূলত লোকো মোটিফকে দাঁড় করানোর জন্য কাজে লাগে। সেটাও কাজে আসেনি বলে অভিযোগ।
ভিডিও থেকে এই বিষয়টা স্পষ্ট যে, ট্রেনের মধ্যে কোনও একটা সমস্যা ছিল। তাই সিগন্যাল লাল দেখেও থামানো যায়নি ট্রেন। প্রাক্তন রেলের বিশেষজ্ঞরা বলছে, একটা পরিস্থিতিতেই একসঙ্গে কাজ করা বন্ধ করে দিতে পারে ব্রেক পাইপ, A9 এবং SA9। যদি এয়ার প্রেশারের জন্য থাকা MR বা মূল রিজার্ভার সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়, তখন। এই ঘটনা সচরাচর ঘটে না। মনে করা হচ্ছে, সেই ঘটনাই ঘটে গিয়েছিল, কলকাতা-সাইরাং এক্সপ্রেসে। তবে বিষয়টি এখনও তদন্তের আওতায় রয়েছে। গোটা বিষয়টা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: Train Accident: ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা, বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস!
Before You Go
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের






















