Weather : হয়ে গেল ল্যান্ডফল ! এবার অতি গভীর নিম্নচাপে পর্যুদস্ত হবে বাংলা , জেলায়-জেলায় কমলা সতর্কতা
শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। উত্তরে বৃষ্টি চলবে আরও ২ দিন। শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি।

কলকাতা : অতি গভীর নিম্নচাপের বলয়ে বাংলা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কলিঙ্গপত্তনমের কাছ দিয়ে অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর-পশ্চিম দিকে ছত্তিশগড়ের অভিমুখে এগোচ্ছে। কলিঙ্গপতনমের কাছে স্থলভাগে আছড়ে পড়েছে নিম্নচাপ। যার জেরে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাওয়ায় উপড়ে গেছে বহু গাছ। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। উত্তরে বৃষ্টি চলবে আরও ২ দিন। শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে।
আবহাওয়া দফতর বলছে, অতি গভীর নিম্নচাপ সমুদ্র ছেড়ে উপকূল অতিক্রম করেছে। সেই নিম্নচাপ এখন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অংশের উপর রয়েছে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। উত্তরে বৃষ্টি চলবে আরও ২ দিন।
আজ কোথায় কোথায় কমলা সতর্কতা
কলকাতায় শুক্রবার দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে উপকূলবর্তী ৬ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতাও রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও। তবে কাল থেকে কমবে বৃষ্টির দাপট।
উত্তরবঙ্গে দুর্যোগ
উত্তরবঙ্গেও চলছে দুর্যোগ। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। তিন জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে।
কলকাতার তাপমাত্রা
শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৪৯.৯ মিলিমিটার।
সিকিমে দুর্যোগ
অন্যদিকে আবার, একটানা বৃষ্টির জেরে সিকিমের একাংশে ভয়াবহ ধস নেমেছে। গতকাল রাতের এই ঘটনায় বড়সড় ক্ষতির মুখে পশ্চিম সিকিমের ইয়ুকসাম-তাশিডিং বিধানসভা এলাকার রিম্বি গ্রাম। মাটির তলায় চাপা পড়েছে একাধিক বাড়ি ও সরকারি আবাসন। তবে স্বস্তির খবর, এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই।
Before You Go
Municipal Corporation Election | পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায় ভোট, কবে হবে বিজ্ঞপ্তি?






















