কলকাতা: মোথাবাড়িতে অশান্তির (Mothabari Attack Case) ঘটনায় পুলিশের (West Bengal Police) জালে মূল প্ররোচনাকারী। গ্রেফতার আইনজীবী মোফাক্কারুল ইসলাম (Mofakkurul Islam)। প্রথমে বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport) থেকে তাঁকে পাকড়াও করে CID. পরে ADG উত্তরবঙ্গ (North Bengal) তাঁকে গ্রেফতারের কথা জানান। বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুলের এক সহযোগী, এক্রামুল বাগানীওকেও গ্রেফতার করা হয়েছে। মোথাবাড়িকাণ্ডে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মোফাক্কারুলের একাধিক ভিডিও। এদিকে, মোফাক্কারুল ইসলামের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি দেখিয়ে আক্রমণ শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharjee)। এদিন রাজ্য বিজেপির (BJP) সভাপতি একটি ছবি পোস্ট করে বলেন, 'এই ছবি থেকেই প্রমাণ যে মিমই তৃণমূল, তৃণমূলই মিম। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। সব মিলে মিশে একাকার, একই অঙ্গে এতরূপ'।
আরও পড়ুন, 'মুম্বই থেকে বিজেপি ধার করে' মোথাবাড়িকাণ্ডে মোফাক্কারুল ধরা পড়তেই বিস্ফোরক মুখ্যমন্ত্রী
এদিকে, মোফাক্কারুল ইসলামের গ্রেফতার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'মোথাবাড়িতে বিচারকরা আক্রান্ত, বিজেপি-MIM নেপথ্যে। মোথাবাড়িতে জাজেদের উপর যে আক্রমণ করেছিল। মুম্বই থেকে বিজেপি ধার করে ওই মিম-কে নিয়ে এসেছে। তাকে হাতে-নাতে ধরেছে CID, লোকাল পুলিশ নয়। মুম্বই থেকে বিজেপি ধার করে ওই মিম-কে নিয়ে এসেছে। ISF-এর সঙ্গে কংগ্রেস, বিজেপিরও উস্কানি আছে। যে CID কমিশনের আওতায় পড়ে না, সেই CID গ্রেফতার করেছে'।
অন্যদিকে, ধৃত মোফাক্কারুল ইসলামের বিরুদ্ধে তৃণমূল যোগের অভিযোগে সরব সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, 'মোফাক্কারুল ইসলাম উস্কানি দিয়েছিল। মোফাক্কারুল ইসলাম আদপে কার হয়ে কাজ করেছিলেন?'
মোথাবাড়িতে অশান্তির ঘটনার তদন্ত শুরু করল NIA. বুধবার বিচারকদের উপর বেনজির তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। NIA-র টিম মালদা পৌঁছনোর আগেই, বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুল ইসলাম নামে এক আইনজীবী ও তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে CID. পুলিশের দাবি, মোফাক্কারুলই ঘটনার মূল প্ররোচনাকারী।
পুলিশ সূত্রে খবর, বিচারকদের ওপর হামলায় যারা জড়িত, তাদের চিহ্নিত করতে এলাকার বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। রাতেও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, কালিয়াচক ২ নম্বর BDO অফিসের ভিতরে ও বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিক্ষোভে আটকে পড়া মহিলা বিচারকের যে গাড়িতে হামলার অভিযোগ উঠেছে, সেই গাড়িরও ভিডিওগ্রাফি করা হয়েছে।
