Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Netaji Bose Family On Anant Maharaj : অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া শাস্তিরও দাবি নেতাজির পরিবারের সদস্য়দের

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর শেষমেশ ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ। কিন্তু নেতাজি সম্পর্কে তাঁর মন্তব্য় নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেতাজির পরিবারের সদস্য়রাও। কেউ কেউ কড়া শাস্তিরও দাবি তুলেছেন। দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের অপমানজনক মন্তব্যে নিন্দার ঝড় বয়ে গেছে গোটা দেশে।
সম্প্রতি বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বলেছিলেন, 'নেতাজি একজন ওয়ার ক্রিমিনাল। যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক ধরে তারা কি দেশদ্রোহী নয়?'এই বক্তব্যের পরেই চারদিকে ছি-ছিক্কার পড়ে যায়। তুমুল বিতর্কের মুখে, নিজের এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।' বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বলেন,'আমি আন্তরিকভাবে দুঃখিত।'নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্য় নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেতাজির পরিবারের সদস্য়রাও। নেতাজি পরিবারের সদস্য সুগত বসু বলেন, ঘৃণার অযোগ্য, কিছু বলার নেই। নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু বলেন, এই মুহূর্তে গ্রেফতার হওয়া উচিত। আমরা পরিবার থেকে গ্রেফতার দাবি করছি।
শনিবার ৮০তম স্বাধীনতা দিবস। সম্মান জানানো হবে দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকেও। তার আগেই, নেতাজিকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য তোলপাড় ফেলে দিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে। যা নিয়ে মুখ খুলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি, ইতিহাসবিদ সুগত বসু এবং চন্দ্র বসু।নেতাজি পরিবারের সদস্য সুগত বসু বলেন, নেতাজির এতে কিছু যায় আসে না। তিনি এমন একজন মানুষ, দেশের প্রত্যেকটি নাগরিকের তাঁর প্রতি যে ভালবাসা, শ্রদ্ধা আছে সেটাই যথেষ্ট। 'নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু বলেন, তিনি তো আবার বিজেপির রাজ্যসভার সাংসদ। তিনি ওই সংসদের সামনে দাঁড়িয়েই আবার নেতাজির সমালোচনা করেছেন। যেভাবে যে অশালীন ভাষা প্রয়োগ করেছেন, সাংঘাতিক ভাবে অশ্রদ্ধা করেছেন, সেটি কি ভারতবর্ষের মানুষ মেনে নেবে? ওঁর কী অধিকার আছে, নেতাজিকে নিয়ে এইভাবে বক্তব্য রাখার? ওঁর ইতিহাসের কোনও চর্চা কি আছে? এই মুহূর্তে গ্রেফতার হওয়া উচিত। আমরা পরিবার থেকে গ্রেফতার দাবি করছি।
নেতাজি সম্পর্কে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য় নিয়ে মুখ খুলেছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজও। যিনি কয়েকমাস আগে বিজেপিতে যোগ দেন। ক্রীড়াবিদ ও বিজেপি নেতা লিয়েন্ডার পেজ বলেন, 'আমি এই দেশের সন্তান। আমি দেশপ্রেমী। ঐতিহাসিক চরিত্রদের আমি সম্মান করি। এটাই আমি বলতে চাই, যে সম্মান দিতে বেশি কিছু করতে হয় না। সম্মান দিলে সবসময় সম্মান পাওয়া যায়।' ক্ষমা চাইলেও কি বিতর্ক থামবে?






















