Paschim Medinipur: জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
Kansai River: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেড়্যা এলাকায় কাঁসাই নদীর বুকে নির্মিত অস্থায়ী রাস্তা গতকাল রাতে জলের তোড়ে ভেঙে যায়।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: ছিল একখানা অস্থায়ী রাস্তা... তাও আবার ভেঙে পড়ল জলের তোড়ে। আর রাস্তা ভেঙে যাওয়ায় এ বার চরম দুর্ভোগের মুখে পড়তে হল বহু সাধারণ মানুষকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur)। জলের তোড়ে ভেঙে পড়ে কাঁসাই নদীর (Kansai River) অস্থায়ী রাস্তাটি। এই সমস্যায় পড়ার পর স্থানীয়রা এবার একখানা স্থায়ী ব্রিজের দাবি তুলেছেন।
গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতাও জারি করেছে। এরইমাঝে জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা। এর জেরে দীর্ঘ ১২ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই পাড়ের যোগাযোগ। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেড়্যা এলাকায় কাঁসাই নদীর বুকে নির্মিত অস্থায়ী রাস্তা গতকাল রাতে জলের তোড়ে ভেঙে যায়। এর ফলে গত রাত থেকেই নদীর দুই পাড়ের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ১২ ঘণ্টা কেটে গেলেও কোনও ব্যবস্থা হয়নি। গ্রামবাসীদের দাবি, এই অস্থায়ী রাস্তার উপর নির্ভর করে প্রতিদিন বহু মানুষ বিভিন্ন কাজে যাতায়াত করেন। রাস্তা ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ। কাঁসাই নদীর উপর একটি ব্রিজের দাবি তুলেছেন স্থানীয়রা।
বাসুদেব গোস্বামী নামের টাবাগেড়্যার এক স্থানীয় বাসিন্দা বলেন, 'পারাপার বন্ধ। সারাইয়ের সরঞ্জাম নিয়ে আসা হলেও, তা পড়ে রয়েছে। জলের তোড় এত বাড়ছে, কিছুতেই কিছু করা সম্ভব হচ্ছে না। অবিলম্বে এখানে ব্রিজ হওয়া উচিত। এর জন্য লক্ষ লক্ষ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। আশা দিচ্ছে তো ব্রিজ হবে। কী জানি কী হবে। নাকি আগের সরকারের মতো এও আশা দিয়েই বলবে সব শেষ...।'
গত ১৯ জুন কার্শিয়ঙের দুধিয়ায় জলের তোড়ে ভেঙে পড়ে অস্থায়ী ব্রিজ। যার জেরে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই রুটে। ১৮ জুন থেকে অব্যাহত ভারী বৃষ্টির কারণেই এই বিপর্যয় ঘটেছিল, বলে জানান সেই এলাকার মানুষজন। যার ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৮ জুলাই দুধিয়া বেলি ব্রিজের ভার্চুয়াল উদ্বোধন করেন। দার্জিলিংয়ের বালাসন নদীর ওপর ভারতীয় সেনা মাত্র ২০ দিনে এই ব্রিজটি তৈরি করে। এর ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা আবার চালু হয়।






















