Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Social Welfare Scheme : সরকারের তরফে বারবার আশ্বাস দিয়ে বলা হচ্ছে, যোগ্য প্রাপকরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না।

কলকাতা : অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে ৩ হাজার টাকা করে ঢুকে যাচ্ছে যোগ্য প্রাপকদের মধ্যে। কিন্তু, অগাস্টের কিস্তির টাকা অনেকের অ্যাকাউন্টেই ঢোকেনি বলে দাবি উঠেছে। এনিয়ে সোশ্যাল মিডিয়াতেও নানা বিভ্রান্তি ছড়াতে শুরু করেছে। যদি সরকারের তরফে বারবার আশ্বাস দিয়ে বলা হচ্ছে, যোগ্য প্রাপকরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। এদিন ফের একবার বিষয়টি স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "১৭ তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।"
সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দেখা যাচ্ছে। যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকের মধ্যেই। এনিয়ে এবার সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি এ প্রসঙ্গে দু'জনের নামও উল্লেখ করলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের সব সোশ্যাল মিডিয়া টিম, যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন...খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাঁদের চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনও কারণ নেই।" তাঁর সংযোজন, "পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক...এই অর্থটা মোটামুটি একটা কোনও কাজ না করেই একটা অর্থ বিজেপি দেবে বলেছে...জনগণ এটা স্বীকার করেছে। বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড। আমি মুখ্যমন্ত্রী। পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু, আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তাঁরা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব ? দুটো নাম বলে দেব ? আমি পাই...নূর আলম। আপনি ভোট দেননি বিজেপিকে । জানি আপনি কোনও দিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব। আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে রিল করে পোস্ট করছেন। এতে কিছু হবে না। এখানে বিজেপি ১০০ বছর থাকবে।"
জুন মাসে প্রথম দফায় কিছু জন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন। এরপর জুলাই মাসেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল। এবার অগাস্টের কিস্তির টাকা অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।























