Teachers Protest: দেড়ঘণ্টার বৈঠকেও অধরা রফাসূত্র, এবার শিক্ষামন্ত্রীকে চিঠি দিচ্ছেন চাকরিহারারা
Teachers Protest: চাকরি ফেরানোর দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন চাকরিহারারা। গতকাল বিকাশভবনে চাকরিহারাদের সঙ্গে স্কুল শিক্ষা পর্ষদের প্রধান সচিবের বৈঠকেও মেলেনি সমাধান সূত্র।

কলকাতা: বিকাশভবনের ধর্নার ২১ দিন। গতকাল দেড়ঘণ্টার বৈঠকেও অধরা রফাসূত্র। এবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়ে চিঠি দিতে চলেছেন চাকরিহারারা। নতুন করে পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারারা
চাকরি ফেরানোর দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন চাকরিহারারা। সোমবার ৫ জন চাকরিহারা শিক্ষক ও ১ শিক্ষিকা, বিকাশ ভবনে যান। গতকাল বিকাশভবনে চাকরিহারাদের সঙ্গে স্কুল শিক্ষা পর্ষদের প্রধান সচিবের বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। তাই এবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়ে চিঠি দিতে চলেছেন চাকরিহারারা। আজ তাঁদের তরফে চিঠি দেওয়া হবে বিকাশভবনে। এক চাকরিহারা বলেন, "আমরা বারবার চেয়েছি, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে। দীর্ঘসময়ের পর গতকাল শিক্ষাসচিব আলোচনায় বসলেন। কিন্তু যে যে উত্তর পেতে চাইছিলাম সেসব পাইনি। এমনকী বেশ কিছু বিষয় অস্পষ্টতা রেখেছেন। তাই সরাসরি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চাই। সরকার কীভাবে রিভিউয়ের মাধ্যমে আমাদের চাকরিতে ফেরাবে সেই নিশ্চয়তা পেতে চাইছি। সেটা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর থেকেই পেতে পারি। তাই শিক্ষামন্ত্রী অতি দ্রুত আলোচনায় বসুন, সেটাই চাই। পরীক্ষার বিষয়ে নোটিফিকেশন দেবে বলেছে। কারণ আদালতের নির্দেশ রয়েছে। কিন্তু কবে কী হবে তা জানাননি। আমরা কোনও দুর্নীতি করিনি। তাই পরীক্ষায় বসার প্রশ্নও নেই। এই দায়টা সরকারকে নিতে হবে।''
অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। মে মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই রিভিউ পিটিশন জমা দিয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। কিন্তু চাকরিহারা শিক্ষকদের সাফ কথা, তাঁরা নতুন করে পরীক্ষায় বসবেন না।
তাঁদের হকের চাকরি ফেরাতেই হবে। কলকাতার পাশাপাশি, আন্দোলন দিল্লিমুখী করারও ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। বিরোধীরাও একসুরে বলছে যোগ্য়দের চাকরি ফেরানোর দায়িত্ব সরকারকেই নিতে হবে।
এদিকে অযোগ্যদের বরখাস্তের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাঁদের দাবি, ২২ লক্ষ পরীক্ষার্থীর OMR শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। এর জন্য় সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন আন্দোলনকারী চাকরিহারারা। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, "সুপ্রিম কোর্টে যাব একেবারে সুস্পষ্ট।২টো স্পেফিসিফ বিষয়ে যে, ২২ লক্ষ চাকরিপ্রার্থী-পরীক্ষার্থীর OMR ইমেজের কপি। আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ব। কেন প্রকাশ হবে না? তাহলে জানা যাবে, কারা দুর্নীতির সুবিধা পেয়ে শিক্ষকতার মতো, শিক্ষাকর্মীর মতো চাকরিটা নিয়েছে, কারা নেয়নি। যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে, তাদের রাজ্য সরকার এখনও টার্মিনেট করেনি। এটা আইনকে ভায়োলেশন করা। অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয়, সেই দাবিতে আমরা মামলা লড়ব।''
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda





















