Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News : বিক্ষোভ-হামলা। জুতো থেকে কাদা। প্রাক্তন মুখ্য়মন্ত্রীর গাড়ি ঘিরে এই ছবিই তোলপাড় ফেলেছে রাজ্য় রাজনীতিতে।

আশাবুল হোসেন, ঊজ্জ্বল মুখোপাধ্য়ায় ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদে সোমবার, বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখাল 'কালীঘাট-তৃণমূল' শিবির। অত্য়ন্ত তাৎপর্যপূর্ণভাবে, 'কালীঘাট-তৃণমূলে'র এই কর্মসূচিতে দেখা গেল 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ককে। কুণাল ঘোষ বলছেন, ২০-২৩ জন বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য়, তাঁর সঙ্গে আছেন ৬৫ জন বিধায়ক।
বিক্ষোভ-হামলা। জুতো থেকে কাদা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে এই ছবিই তোলপাড় ফেলেছে রাজ্য রাজনীতিতে। শুরু হয়েছে কথার লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদে সোমবার, বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখায় 'কালীঘাট-তৃণমূল' শিবির। সেখানে স্লোগান ওঠে, 'মমতা ব্যানার্জির ওপর আক্রমণ হল কেন ? বিজেপি জবাব দাও। জবাব চাই। জবাব দাও।' অত্য়ন্ত তাৎপর্যপূর্ণভাবে, 'কালীঘাট-তৃণমূলে'র এই বিক্ষোভে দেখা যায় 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ককে। তাঁরা হলেন, বসিরহাট উত্তর-এর বিধায়ক তৌসিফুর রহমান, বারুইপুর পূর্ব-র বিধায়ক বিভাস সর্দার ও গার্ডেনরিচ-এর বিধায়ক আব্দুল খালেক মোল্লা।
এ প্রসঙ্গে এবিপি আনন্দর তরফে তাঁকে প্রশ্ন করা হয়, আজকে হঠাৎ আপনাকে অন্য় শিবিরে দেখা গেল কেন ? উত্তরে তৌসিফুর রহমান বলেন, "আমি দিদির সঙ্গেই আছি। এটা কোন দল... আমি জানি না। আমি বসিরহাট উত্তর জিতেছি আমি ৫০০ ভোট পাব না ওখান থেকে।" ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন ঋতব্রত শিবিরের আরও ২ বিধায়কও। বিভাস সর্দার বলেন, "আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের যে ৮০ জন বিধায়ক আমরা আছি, আমার ব্যক্তিগত মতামত, সবাইয়ের নিন্দা, প্রতিবাদ করা উচিত।" অন্যদিকে, আব্দুল খালেক মোল্লা বলেন, "আমি বর্তমানে ঋতব্রত-পন্থী। কিন্তু মমতা ব্যানার্জির ওপর আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচিতে আমি যোগদান করেছি।"
৩ বিধায়কের এই অবস্থান কি আগামী দিনে ঋতব্রত-তৃণমূলের অস্বস্তি আরও বাড়াতে পারে ? কমতে পারে তাঁদের বিধায়ক সংখ্য়া ? এ প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আবারও বলছি, নম্বরটা হচ্ছে ৬৫। যদি প্রয়োজন হয়, যদি মনে হয় মাননীয় স্পিকারের, স্পিকার যখন ডাকবেন, সশরীরে ৬৫ জন উপস্থিত হয়ে যাবে।"
বেলেঘাটা ('কালীঘাট-তৃণমূল') বিধায়ক কুণাল ঘোষ বলেন, "তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আর বাকিটা বিজেপির তৈরি করে দেওয়া বকলেস পরানো B-টিম। অনন্ত ২০ থেকে ২৩ জন সরাসরি যোগাযোগ করে বলেছেন, আমরা কিন্তু পুরোদস্তুর নিন্দা করছি, বিভিন্ন কারণে এই মুহূর্তে বেরোতে পারছি না।"
পাল্টা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, "২২ কেন, ওটা ৪৪ বলেননি, ৬৬ বলেননি, বা ৮০-ই বলেননি বা ৮০ থেকে ৫টা কমিয়ে বলেননি, কোনও সমস্য়া নেই তো। ওঁর সংখ্য়া থাকলে উনি অপেক্ষা কেন করছেন?"
মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় সোমবার রাজাবাজার, শ্য়ামবাজার, হাজরা মোড়... একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হয়।






















