TMC News : 'দলের হোমরাচোমরা-কেষ্টবিষ্টুরা কোথায়?' পদ ছেড়েই বিস্ফোরক তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী
দেবলীনার পর এবার সুশান্ত। ছাড়লেন বরো চেয়ারম্যান পদ। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যপদ ছাড়লেন কাউন্সিলর অরূপ চক্রবর্তী।

অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা : তৃণমূলে ভাঙন কি ক্রমশই চওড়া হচ্ছে ? এবার কলকাতা পুরসভায় ঘাসফুল শিবিরে ফের ভাঙন। এবার বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেই সঙ্গে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যপদ ছাড়লেন তৃণমূলের মুখপাত্রের দায়িত্বে থাকা কাউন্সিলর অরূপ চক্রবর্তী। পুর কমিশনারের ঘরে গিয়ে সারলেন ফর্মালিটিজ। তবে অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ দুজনেই জানালেন, আপাতত কাউন্সিলর পদ ছাড়ছেন না।
ছাব্বিশের ভোটে তৃণমূলের বিপর্যয়ের পর কেএমসিতেও ফাটল ধরতে শুরু করে। ৯ নং বরোর চেয়ারপার্সন হিসেবে পদত্যাগ করেছিলেন দেবলীনা বিশ্বাস। এরপর তালিকায় যুক্ত হচ্ছে আরও নাম। আর দায়িত্ব ছেড়েই বিস্ফোরক সুশান্ত অরূপ দুইজনেই। তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী, স্পষ্ট প্রশ্ন তুললেন, দল বলতে কারা ? দলের খারাপ ফলের পর কোথায় গেলেন সেইসব 'কেষ্টবিষ্টু'রা ? দলের একাংশের দিকে আঙুল তুলে অরূপের সোজাসুজি প্রশ্ন, কোথায় গেলেন এক্স-ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা পাওয়া হেভিওয়েটরা? অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বললেন, যখন দলের বহু কর্মীরা ঘরছাড়া, তখন কোথায় গেলেন দলের সেইসব হেভিওয়েটরা, যাঁদের কনভয়ের আগে পিছে ৫-৬ টা গাড়ি থাকত?
অরূপের কথায়, ' এই রেজিগনেশন শুধুমাত্র একটা পদ-ছাড়া নয়, একটা প্রতীকী মানসিক অবস্থান। অরূপের স্পষ্ট বক্তব্য, জনাদেশকে মেনে নিতে হবে। ২০২৬ এ হেরে গিয়েছি সেটা যদি মানতে না-পারি, তাহলে ২১শে আমাদের বিপুল জয়টা মিথ্যে হয়ে যায়। তাহলে ২০১৬ র জয় টা মিথ্যে হয়ে যায়, ২০১১ র জয়টা মিথ্যে হয়ে যায়। গণতন্ত্রে মানুষের উপরে কেউ নেই। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর মেনে নিচ্ছেন, সারাজীবন কেউ ক্ষমতায় থাকবে না। সেটা হতে পারে না। কিন্তু যখন দলের কর্মীরা বিপদে তখন কেষ্টবিষ্টু নেতৃত্ব কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে তখন সেই সেলিব্রিটি নেতৃত্ব কোথায়? তাদের দেখতে পাওয়া যাচ্ছে না কেন?'
শেষমেষ অরূপ এও বলেন, 'আজ আমরা কর্মীরা রয়েছি, নেতারা ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছেন। তিনি এও বলেন, ৪ তারিখ, ফলপ্রকাশের দিন যাঁরা ভাঙচুর করেছেন, তারা বেশিরভাগই দুপুর ১২ টার পর হওয়া বিজেপি। অরূপ এদিন বলেন, 'আমি এদিন শমীক ভট্টাচার্য দলীয় কর্মীদের যে বার্তা দিয়েছেন তাকে সাধুবাদ জানাব, কারণ ২০২১ সালে আমরা এমন কোনও বার্তা দিতে পারিনি'।






















