Mamata Banerjee : 'আগামীদিনে প্রথম বিশ্বাসঘাতকতা করবে', মমতার নিশানায় কে ?
TMC News : বিধানসভা ভোটের ফল ঘোষণার পর মমতা-ঘনিষ্ঠ অনেকেই তাঁর সঙ্গ ছেড়ে অন্য শিবিরে নাম লিখিয়েছেন।

কলকাতা : 'আগামীদিনে ওরা ফার্স্ট বিট্রে করবে। গদ্দার যে একবার হয়, চিরকাল হয়...এটা মাথায় রাখবেন।' ক্যাথিড্রাল রোডে TMCP-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ঠিক এই ভাষাতেই আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "দলদাস পুষেছেন কিছু ? ভাবছেন দলদাসরা সাপোর্ট দিচ্ছে ? তারা সাপোর্ট দেবে ? আগামীদিনে ওরা ফার্স্ট বিট্রে করবে। গদ্দার যে একবার হয়, চিরকাল হয়...এটা মাথায় রাখবেন।" প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর একাধিক শিবিরে ভেঙে গেছে তৃণমূল কংগ্রেস। একটা অংশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, দোলা সেন, ডেরেক ও'ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায়ের মতো নেতানেত্রীরা রয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। একটা অংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লিখিয়েছেন। সেই শিবিরে একসময়ের মমতা-ঘনিষ্ট নাম পরিচিত ফিরহাদ হাকিম, মদন মিত্র, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যর মতো নেতা-নেত্রীরা। আরও একটি অংশ যেখানে ২০ জন সাংসদ পৃথক হয়ে যান। যদিও সম্প্রতি কুণাল ঘোষ দাবি করেছেন, ভোটের ফল বেরনোর পর বিক্ষুব্ধ হয়ে ওঠা অনেকেই এখন তাঁদের শিবিরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ফিরে আসতে চাইছেন। এই পরিস্থিতিতে আজ TMCP-র প্রতিষ্ঠা দিবসে রাজপথে নামল দুই তৃণমূল। ক্যাথিড্রাল রোডে TMCP-র প্রতিষ্ঠা দিবস পালন করল 'কালীঘাট-তৃণমূল'। অন্যদিকে, রানি রাসমণি অ্যাভিনিউতে সভা করল 'ঋতব্রত-তৃণমূল। আদালতের নির্দেশ অনুযায়ী ক্যাথিড্রাল রোডে প্রতিষ্ঠা দিবস পালন 'কালীঘাট-তৃণমূল'-এর। এই পরিস্থিতিতে আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী। পাশাপাশি বিজেপিকে একহাত নেন তিনি।
বিজেপিকে নিশানা...
মমতা বলেন, "এরপর আমার শুরু হবে জেলা সফর। অনুমতি না পেলে রাস্তায় রাস্তায় হাঁটব। পারলে পুলিশ করে দেখাও, পারলে বিজেপি লড়ে নাও। কত ডিম আছে, কত ইট আছে, কত পাথর আছ, কত গুন্ডা আছে...বাংলায় অত্যাচার করতে গিয়ে দেখছো দিল্লিও টলমল। দিল্লিও যাবে খুব শিগগিরি। আর দিল্লি গেলে তুমি হবে হিল্লি।" এরপর দলের উদ্দেশে বার্তা দিয়ে তাঁর সংযোজন, "দরকার হলে একমাস জেলের ভাত খাবেন, বিজেপির পচা ভাত খাবেন না। লুঠেরার ভাত খাবেন না। ডাকাতির ভাত খাবেন না। ১৪ হাজার কেস দিয়েছেন তো। সুপ্রিম কোর্টে কল্যাণ লড়ছে। আমিও যাব। দরকার হলে ইন্টারন্যাশনাল কোর্টেও যাব। মনে রাখবেন সরকারও ফাঁসবে, আর যারা গ্রেফতার করছেন তাঁরাও ফাঁসবেন। তখন দেখব যারা অত্যাচার করছেন তাঁরা কোথায় থাকবেন।"
Before You Go
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি






















