Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
Independence Day 2026: শুধুমাত্র ভারতই নয়, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে আরও বেশ কয়েকটি দেশ।

নয়াদিল্লি: মাঝে মাত্র একটা দিন। ৮০তম স্বাধীনতা দিবস পালন করবে ভারত। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের স্বাধীনতা দিবসে ‘জন গণ মনে’র পাশাপাশি, বাজানো হবে ‘বন্দে মাতরম’ও। কিন্তু জানেন কি, শুধুমাত্র ভারতই নয়, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে আরও বেশ কয়েকটি দেশ। (Independence Day 2026)
দক্ষিণ কোরিয়া: ১৫ অগাস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে দক্ষিণ কোরিয়া। তাদের কাছে দিনটি Liberation Day তথা Gwangbokjeol. ১৯৪৫ সালের ১৫ অগাস্ট জাপানের শাসন থেকে মুক্ত হয়েছিল তারা। Gwangbokjeo-এর অর্থ ‘আলোর দিন ফিরে পাওয়া’। (Independence Day 2026)
উত্তর কোরিয়া: ভূখণ্ড পৃথক হয়ে গেলেও, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে উত্তর কোরিয়াও। তাদের কাছে ১৫ অগাস্ট Chogukhaebang’il. জাপানের হাত থেকে স্বাধীনতা ফিরে পাওয়া উদযাপন করে তারাও।
লিকটেনস্টাইন/ লিস্টেনস্টাইন: মধ্য ইউরোপে, সুইৎজ়ারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যে অবস্থিত লিকটেনস্টাইন বা লিস্টেনস্টাইনও ১৫ অগাস্ট দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করে। তবে স্বাধীনতা প্রাপ্তি নয়, সার্বভৌমিকতা এবং নিজের পরিচিতি ফিরে পাওয়ার দিন হিসেবে উদযাপিত হয় দিনটি।
বাহরাইন: ১৯৭১ সালের ১৫ অগাস্ট ব্রিটেনের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নেয় বাহরাইন। বাহরাইনই প্রথম উপসাগরীয় দেশ, যারা মাটির নীচে তেল খুঁজে পায় এবং ১৯৩১ সালে তৈল শোধনাগার গড়ে তোলে। ওই বছরই ব্রিটেন এবং অট্টোমান সরকারের মধ্যে স্বাধীনতা-চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু তার পর ব্রিটিশ শাসন কায়েম ছিল সেখানে। শেষ পর্যন্ত ১৯৭১ সালে সরকারি ভাবে স্বাধীনতা প্রাপ্তির ঘোষণা হয়। ১৪ অগাস্ট দিনটিকে স্বাধীনতা প্রাপ্তির দিন হিসেবে ধরা হলেও, স্বাধীনতা দিবস পালিত হয় ১৫ অগাস্ট।
কঙ্গো: ১৫ অগাস্ট দিনটি রিপাবলিক অফ কঙ্গোয় ‘কঙ্গোলিজ় ন্যাশনাল ডে’ হিসেবে পালিত হয়। ১৯৬০ সালের ১৫ অগাস্ট ফ্রান্সের হাত থেকে সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে তারা, ফরাসি শাসনের ৮০তম বছরে। ১৯৬৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত মার্কস-লেনিনবাদী দেশ হিসেবে পরিচিতি ছিল কঙ্গোর। বর্তমানে সেখানে বহুদলীয় নির্বাচন ব্যবস্থা রয়েছে।
জাপান: ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে না জাপান। তবে ১৫ অগাস্ট দিনটি ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ তাদের কাছে। ১৯৪৫ সালের ১৫ অগাস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে জাপান। সম্রাট হিরোহিতো আত্মসমর্পণের ঘোষণা করেন, যার দরুণ যুদ্ধসমাপ্তি ঘটে। দিনটি সেখানে ‘যুদ্ধ সমাপ্তি দিবস’ হিসেবে পালিত হয়।
ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের সংযোগ রয়েছে। জানা যায়, ১৯৪৮ সালের জুন মাসের মধ্যে ভারতের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ১৫ অগাস্টই ভারতের হাতে ক্ষমতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন লর্ড মাউন্টব্যাটেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দিনটিকেই বেছে নেন তিনি।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















