নন্দীগ্রাম সহ ৯টি বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারের শূন্য পদে নিয়োগ

ভোটের আগে রাজ্য প্রশাসনে নির্বাচন কমিশনের লাগাতার রদবদল চলছেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে আগেই রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবার শুভেন্দু
অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম সহ ৯টি বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারের শূন্য পদে নিয়োগের কথা জানাল কমিশন। যে ৯টি বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারের শূন্য পদ পূরণ করা হয়েছে, সেগুলি হল, নন্দীগ্রাম, ফাঁসিদেওয়া, হরিহরপাড়া, করিমপুর, খানাকুল, কেশিয়াড়ি, বিনপুর, রায়পুর ও বর্ধমান দক্ষিণ। গত ২৩ মার্চ, সোমবার, ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তার মধ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসারও। প্রথম দফায় যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কমিশন সরিয়েছিল, এবার তাঁদের মধ্যেও ১৪ জনকে বদল করা হল। সবচেয়ে বেশি রিটার্নিং অফিসার বদল করা হয়েছে উত্তর ২৪ পরগনায়, ১৩ জন। এরপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর, ১১ জন। তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ১০ জন। ৭৩ জনের মধ্যে যে ১৪ জন রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে, তাঁদের মধ্যে ৫ জনই হলেন পূর্ব মেদিনীপুরের।





















