Nirmal Maji: "নিজের ঘর নেই", ভোটের প্রচারে বেরিয়ে 'বিনে পয়সায়' চিকিৎসা, নির্মল মাজি ভাত খেলেন ভোটারের হাতেই!
West Bengal Assembly Election 2026: নিজের ঘর নেই, মায়ের সঙ্গে থাকেন পার্টি অফিসের উপরের ঘরেই, ভোটের প্রচারে বেরিয়ে জানালেন গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজি।

সাধে কি বলে, ভোট বড় বালাই! গত কয়েক দিনে দেখা গিয়েছিল তৃণমূল বা বিজেপি নির্বিশেষে সব দলের প্রার্থীই সাধারণ মানুষের বাড়িতে বা দোকানে গিয়ে বিভিন্ন কাজ করে দিচ্ছিলেন। কোথাও প্রার্থী আলু তুলতে নেমে পড়েছেন ক্ষেতে। আবার কোথাও লাঙল কাঁধে প্রার্থীই নেমেছেন চাষ করতে। কোনও প্রার্থী দোকানে ঢুকে চপ ভেজে সেই চপ বিক্রি করে দিচ্ছেন সাধারণ মানুষের হয়ে আবার কোনও প্রার্থী বাড়িতে ঢুকে শিল-নোড়ায় মশলাও বেটে দিচ্ছেন। এর আগে এক দিন প্রচারে বেরিয়ে ভোটারের বাড়িতে ঢুকে রান্না করে দিয়েছিলেন গোঘাটের তৃণমূল প্রার্থী আর এদিন দেখা গেল আরও এক ছবি।
এদিন প্রচারে বেরিয়ে গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজি কথা বললেন স্থানীয় মানুষের সঙ্গে। কোনও ভোটারের বাড়িতে গিয়ে চিকিৎসা করলেন তাঁর। লিখে দিলেন প্রেসক্রিপশন। বললেন, "এই হাতের লেখাটা হয়েছে মায়ের জন্য"। আবার কোনও ভোটারের বাড়িতে গিয়ে তিনি জানালেন, তিনি ছোট্ট একটা ঘরে থাকেন। নির্মল মাজি বললেন, "আমি মাকে নিয়ে থাকি। কোথায় থাকি জানেন? নিজের ঘর নেই। পার্টি অফিসের উপরে বা আমার বিধায়ক অফিসের উপরে দুটো ছোট ঘরে থাকি। আমি আর আমার মা থাকি।" তারপর নিজের বাড়িল লোকের মতো ওই ভোটার ভাত খাইয়ে দেন নির্মল মাজিকে।
এমন করেই গত কয়েক দিন দেখা গিয়েছে একাধিক প্রার্থীকে। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ ভোটের প্রচার করতে করতে হঠাৎ একটা চপের দোকান দেখতে পান। তারপর সেখানে ঢুকেই চপ ভাজতে শুরু করে দেন তিনি। তবে শুধু ভাজা নয়, সেই চপ বিক্রিও করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী, আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায়ের মতো নেতানেত্রীরা। চপ ভেজেছেন এক বিজেপি প্রার্থীও। ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায় রবিবার চপের দোকানে ঢুকে চপ ভাজার কাজে লেগে পড়েন। প্রশ্ন তোলেন রাজ্যের শিল্প পরিকাঠামো নিয়েও।
গৃহস্থের হেঁশেলে ঢুকে শীল-নোড়া দিয়ে মশলা বাটলেন পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। এরপর আবার রান্নাতেও সাহায্য করেন তিনি। প্রচারের ফাঁকে নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি ঢুকে পড়েন একটি সেলুনে। সেখানে তখন দাড়ি কামাতে এসেছিলেন একজন। বিজেপি প্রার্থী গালে ফোম লাগিয়ে ওই ব্যক্তির দাড়ি কেটে দেন।





















