Sashi Panja: চূড়ান্ত তালিকায় ছিল না! সাপ্লিমেন্টারি তালিকাতে আছে শশী পাঁজার নাম? মন্ত্রী বললেন...
SIR List : ঘুরছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। অথচ তিনি এখনও জানেন না, সাপ্লিমেন্টারি লিস্টে তাঁর নাম আছে কি না।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কমিশনের প্রকাশিত ২৮ তারিখের চূড়ান্ত তালিকায় নাম ছিল না রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজার। তিনি তৃণমূল কংগ্রেসের এবারেরও প্রার্থী । লড়ছেন শ্যামপুকুর থেকে। প্রতিদিনের মতো মঙ্গলবারও প্রচারে বেরিয়েছেন। ঘুরছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। অথচ তিনি এখনও জানেন না, সাপ্লিমেন্টারি লিস্টে তাঁর নাম আছে কি না।
সোমবার মধ্যরাতে প্রকাশ পয়েছে এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হল। রাতেই কমিশনের সাইটে বহু মানুষ চোখ রাখেন। নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে কয়েকধাপ এগোতেই পাতায় 'এরর' মেসেজ। তাই শশী পাঁজার মতো এখনও অনেকের কাছেই স্পষ্ট নয়, সাপ্লিমেন্টারি তালিকায় তাঁর নাম আছে কি না। তাঁর এলাকায় যাঁদের নাম বিচারাধীনের রয়েছে, তাঁরাও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর কাছে, জানালেন শশী। তিনিও হাত মিলিয়েছেন তাঁদের সঙ্গে। মানছেন, উদ্বেগ কাটছে না। তাও প্রচার করছেন জোর কদমেই।
২৮ ফেব্রুয়ারি, প্রকাশিত হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকা। যেখানে, ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ যাওয়ার পাশাপাশি,৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ছিল 'বিবেচনাধীন' অর্থাৎ আন্ডার অ্যাজুডিকেশনের তালিকায়। এমনকী রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজার নামও ছিল না চূড়ান্ত তালিকায়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়।
কত জনের নাম বাদ?
এ রাজ্যের প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ২৯ লক্ষ নিষ্পত্তি হয়েছে। ২৯ লক্ষের নাম হয় চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে কিংবা বাদ গিয়েছে। তবে ধন্দ এখানেই যে, নির্দিষ্ট ভাবে কত জনের নাম যোগ হয়েছে বা ঠিক কত জনের নাম বাদ গিয়েছে, সেই সংখ্যা কমিশনের তরফে স্পষ্ট করা হয়নি। অনলাইনে একাধিক ওয়েবসাইটে সাপ্লিমেন্টারি তালিকা দেখা যাওয়ার কথা থাকলেও, অনেকেই তালিকা দেখতে পাচ্ছেন না অভিযোগ করেছেন । ৩ টি ওয়েবসাইটে দেখা যাবে । সেগুলি হল, electoralsearch.eci.gov.in , voters.eci.gov.in ও ceowestbengal.wb.gov.in।
নাম না থাকলে কোথায় যাবেন ?
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ২৩ জেলার জন্য ১৯ টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাতিলের বিষয়ে জুডিশিয়াল আধিকারিকরা যে নির্দেশ দেবেন, তার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন ভোটাররা।





















