TMC Councilor Arrested: ভোটের ১দিন আগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত
TMC Councilor Arrested: ভোটের আর মাত্র ১দিন বাকি, ঠিক তার আগেই গ্রেফতার তৃণমূল কাউন্সিলর।

উত্তর ২৪ পরগনা: ভোটের আর মাত্র ১দিন বাকি, ঠিক তার আগেই গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। ভাটপাড়ায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতকে। উল্লেখ্য, ইতিমধ্যেই পৃথক অভিযোগের ভিত্তিতে, গ্রেফতার করা হয়েছে তৃণমূলের আরও দুই কাউন্সিলরকে। শেষ অবধি পাওয়া খবরে রাজ্যে এই অবধি মোট ৩ জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। জগদ্দলে 'গুলি-বোমা' কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে।
আরও পড়ুন, মিছিলে বেরিয়ে এবার পুলিশকে 'হুমকি' মদনের ! ৫ তারিখের পর 'থানা তুলে দেওয়ার' হুঁশিয়ারি..
দ্বিতীয় দফার ভোটের মুখে পুলিশকে শাসিয়ে গ্রেফতার তৃণমূল নেতা
দ্বিতীয় দফার ভোটের মুখে পুলিশকে শাসিয়ে গ্রেফতার হয়েছেন পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা । পুলিশকে শাসানোর অভিযোগে গ্রেফতার বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকত । স্থানীয় সূত্রে খবর, গত ২৪ মার্চ বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান তৃণমূল নেতা এমনকী পুলিশকে শাসাতেও দেখা যায় কাউন্সিলর নাড়ুগোপাল ভকতকে, ক্যামেরাবন্দি হয় গোটা ঘটনা । গতকাল পূর্ব বর্ধমান জেলায় পরিদর্শনে আসেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল । সূত্রের খবর, CEO-র কড়া নির্দেশের পরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে।
ভোটারদের ভয় দেখানোর অভিযোগে আটক তৃণমূল নেতা
সম্প্রতি, নির্বাচন কমিশনের অভিযোগের পর নদিয়ার এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছিল কল্যাণী থানার পুলিশ। ধৃতের নাম রাজীব দালাল। তিনি হরিণঘাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং হরিণঘাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। আরও একটি ঘটনা ঘটে মুর্শিদাবাদে। সেখানে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে আটক হয় এক তৃণমূল নেতা।'পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, ভোট দিতে হবে তৃণমূলকে। কোন বাড়ির কে ভোট দিচ্ছে, আমাদের ক্যামেরা থাকবে। খাতায় এন্ট্রি করা থাকবে, লাইভ ক্যামেরা থাকবে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা রাজু মণ্ডল, সেই অভিযোগের ভিডিও ভাইরাল হয়। এরপরেই কড়া পদক্ষেপের নির্দেশ দেয় কমিশন। আটক করা হয় বহরমপুর তৃণমূলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতিকে।
ধৃত বেলেঘাটার তৃণমূল নেতা
ভোটের মুখে গ্রেফতার করা হয় বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্করকেও। প্রোমোটিংয়ের বিবাদে রাজু নস্করের ঘনিষ্ঠদের বিরুদ্ধে হুমকি-মারধরের অভিযোগ উঠে আসে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ প্রকাশ্যে আসে। এরপরেই ইএম বাইপাস থেকে বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্করকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।




















