Andhra Pradesh News: ভয়ঙ্কর ঘটনা, ক্লাস চলাকালীন গাছ কাটার করাত হাতে ঢুকে এল যুবক, এলোপাথাড়ি চালাল ছাত্রীর উপর
School Student Attacked: শিক্ষিক-শিক্ষিকিরা এবং বাকি ছাত্রছাত্রীরাই পুলিশে খবর দেয়। দ্রুত তারা স্কুলে এলে ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইমার্জেন্সিতে চিকিৎসা শুরু হয় আহত ছাত্রীর।

অন্ধ্রপ্রদেশ : দশম শ্রেণির ক্লাস চলছিল। ক্লাসের ভিতর ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন শিক্ষিক। আচমকাই গাছ কাটার করাত হাতে ক্লাসের মধ্যে ঢুকে আসে এক যুবক। আক্রমণ করে এক ছাত্রীকে। গুরুতর ভাবে আহত হয়েছে ওই ছাত্রী। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় এই ঘটনা ঘটেছে। রাপতাড়ু মণ্ডল হেডকোয়ার্টারের একটি জেলা পরিষদ স্কুলের মধ্যে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী ছাত্রছাত্রীদের বয়ান অনুসারে ক্লাস চলাকালীন হঠাৎই দশম শ্রেণির ক্লাসে ঢুকে আসে অভিযুক্ত যুবক। গাছ কাটার করাত নিয়ে এক ছাত্রীর মুখে, মাথায়, পিঠে এলোপাথাড়ি ভাবে চালাতে থাকে সে। পাশেই থাকা আরেক ছাত্রী ওই ছাত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছে।
এই আক্রমণের পর স্কুল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। ক্লাসরুমেই গুরুতর অবস্থায় ছাত্রীকে ফেলে রেখে পালায় অভিযুক্ত। ততক্ষণে চারপাশে ভেসে যাচ্ছে আহত ছাত্রীর রক্তে। শিক্ষিক-শিক্ষিকিরা এবং বাকি ছাত্রছাত্রীরাই পুলিশে খবর দেয়। দ্রুত তারা স্কুলে এলে ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইমার্জেন্সিতে চিকিৎসা শুরু হয় আহত ছাত্রীর। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের খোঁজ চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত যুবক আক্রান্ত ছাত্রীর দূর সম্পর্কের আত্মীয়। বেশ কিছুদিন ধরেই ছাত্রীকে হেনস্থা করছিল ওই অভিযুক্ত যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাত্রী ওই যুবককে বলেছিল তার থেকে দূরে থাকতে, এই বলে ভয়ও দেখিয়েছিল যে তার কাজকর্মের ব্যাপারে তার মা-বাবাকে জানিয়ে দেবে। এরপর থেকেই ছাত্রীর উপর রোষ জন্মায় ওই অভিযুক্ত যুবকের। পুলিশ সূত্রে খবর, সম্ভবত ওই যুবক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, যে প্রস্তাবে রাজি হয়নি ছাত্রী। আর তার জেরেই ছাত্রীর উপর এ হেন আক্রমণ হয়েছে বলে অনুমান করা হচ্ছে প্রাথমিক ভাবে।
এই গোটা ঘটনায় আতঙ্কে রয়েছে স্কুলের পড়ুয়ারা। আতঙ্কে তাদের অভিভাবক এবং শিক্ষিকরাও। ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনা জানার পর আতঙ্কের পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেছেন। জেলার উচ্চপদস্থ আধিকারিক এবং স্বাস্থ্য আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন ছাত্রীর যেন সঠিক দেখভাল করা হয়। প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা যা ছাত্রীর শারীরিক অবস্থার উন্নত করবে, তা যেন ছাত্রীকে দেওয়া হয়। পুলিশকে দ্রুত তদন্তের নিষ্পত্তি করার নির্দেশও দিয়েছেন তিনি। সেই সঙ্গে অভিযুক্ত যেন উপযুক্ত সাজা পায়, সেদিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।
Before You Go
Bangladesh: 'হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন',জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী






















