Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
বৃহস্পতিবার দেশজুড়ে ‘লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে হাসিনার দল। তার আগে বুধবার রাত থেকেই একাধিক জায়গায় অশান্তির খবর সামনে আসছে।

কলকাতা : ফের আগুন ছড়াচ্ছে বাংলাদেশে। নতুন সরকার তৈরি হলেও একের পর এক কাণ্ড লেগেই আছে পদ্মানদীর দেশে। কিছুদিন আগেই কাপড়-কারখানার শ্রমিকদের বিরাট বিক্ষোভে অচলাবস্থা হয়েছিল সে-দেশে, আর এবার ফের হাসিনা ফেরার ঘোষণার পরই নতুন করে রাজনৈতিক বিক্ষোভের আঁচে পুড়ছে দেশ। ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন শেখ হাসিনা। আর তাঁর প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নতুন করে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ।
আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিক্ষোভ, বিভিন্ন জায়গায় সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। বৃহস্পতিবার দেশজুড়ে ‘লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে হাসিনার দল। তার আগে বুধবার রাত থেকেই একাধিক জায়গায় অশান্তির খবর সামনে আসছে।
সবথেকে বড় খবর, চট্টগ্রামে বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এর পিছনে ঠিক কারা, তা এখনও শনাক্ত করা যায়নি। চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অবস্থিত মহম্মদ ইউনুসের পৈতৃক বাড়িতে বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে খবর, একদল অজ্ঞাতপরিচয় যুবক বাড়িটিতে ঢুকে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোজাম্মেল হক জানিয়েছেন, বাড়িটির নিচতলায় একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগানো হয়েছিল। দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, নড়াইলে বিএনপি ও আওয়ামি লিগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। ঢাকার বিভিন্ন জায়গাতেও বৃহস্পতিবার ভোররাতে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। একাধিক জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অন্তত চার জন আহত হয়েছেন বলে খবর।
রাজধানী ঢাকার একাধিক এলাকায় বৃহস্পতিবার ভোররাতে পরপর বিস্ফোরণের খবর সামনে এসেছে। কয়েকটি জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে খবর। বাংলাদেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাঙ্কের একাধিক শাখাতেও আগুন লাগানোর অভিযোগ উঠেছে।
এদিকে আওয়ামি লিগের রাজনৈতিক প্রত্যাবর্তন রুখতে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বক্তব্য, আওয়ামি লিগের কর্মীরা ফের সন্ত্রাসমূলক কাজকর্ম শুরু করেছে। এই পরিস্থিতিতে দলগুলির মধ্যে ঐক্যের প্রয়োজন রয়েছে বলে বার্তা দিয়েছেন তিনি।
Before You Go
BJP - Tolabaji News | "তোলাবাজি সংস্কৃতি হয়ে গিয়েছে, সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে", রাজু বন্দ্যোপাধ্যায়






















