Iran-Israel Conflict: এবার ঝাঁক ঝাঁক মিসাইল ছুড়ল ইরান, পর পর বিস্ফোরণ আরব দেশগুলিতে, নিহত ১, পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা!
Iran Launches Attacks: সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে এশিয়ার এক নাগরিক মারা গিয়েছেন।

নয়াদিল্লি: নতুন বছরে ফের যুদ্ধের দামামা। নতুন করে উত্তপ্ত পশ্চিম এশিয়া। শনিবার সকালেই ইরানে মুহুর্মুহু হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। এবার পাল্টা হামলা চালাতে শুরু করল ইরান। ইজ়রায়েলি সেনাকে লক্ষ্য় করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। শুধু তাই নয়, আরব দেশগুলিতেও ঘোর বিপদ নেমে এসেছে। পর পর বিস্ফোরণ ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, বাহরাইন এমনকি কুয়েতেও। সবমিলিয়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিম এশিয়ার বুকে। (Iran Launches Attacks)
সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে এশিয়ার এক নাগরিক মারা গিয়েছেন। শার্পনেল বিঁধে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। আবু ধাবিতে 'আলধাফরা' বায়ুসেনা ঘাঁটিটি নিজেদের মধ্য়ে ভাগাভাগি করে নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি এবং আমেরিকা। ওই বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালায় বলে অভিযোগ সামনে আসছে। পাশাপাশি, বিস্ফোরণ ঘটেছে কুয়েতে, দুবাই, কাতারের রাজধানী দোহাতেও। দোহায় ২৪ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত 'আল উদেইদ' বায়ুসেনা ঘাঁটি। সেটি আমেরিকার সেন্ট্রাল কম্যান্ডের সদর দফতরও। আমেরিকার কোনও বায়ুসেনা ঘাঁটিতে হামলা হয়েছে কি না, তা যদিও স্পষ্ট নয়। (Iran-Israel Conflict)
আবু ধাবিতে ইতিমধ্যেই নাগরিকদের মোবাইল ফোনে সতর্কবার্তা ঢুকতে শুরু করেছে। ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সকলকে। জানলা, দরজা এবং খোলা জায়গা থেকে দূরে থাকতে বলা হয়েছে সকলকে। ইরানের হামলার তীব্র নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরশাহি। তাদেরও পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে বলে জানিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক।
সংযুক্ত আরব আমিরশাহি আপাতত নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সেখানে ভারতীয় দূতাবাসের তরফে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, বিনা প্রয়োজনে বাইরে বেরনো উচিত নয়। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পাশাপাশি সতর্ক থাকতে বলা হয়েছে সকলকে। মেনে চলতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনের নির্দেশ। আবু ধাবিতে ভারতীয় দূতাবাস, দুবাইয়ে কনস্যুলেট জেনারেলের কাজকর্ম স্বাভাবিকই রয়েছে। টোলফ্রি নম্বর এবং জরুরি ভিত্তিতে হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করা হয়েছে ভারতীয় নাগরিকদের জন্য
বাহরাইনে জরুরি ভিত্তিতে সাইরেন বাজাতে শোনা গিয়েছে। সেখানে আমেরিকার নৌসেনার পঞ্চম বাহিনীর সদর দফতর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র উড়ে আসে বলে খবর। দেশের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, বিপদ আঁচ করেই সাইরেন বাজানো হয়েছে। নাগরিকদের সতর্ক করেছে সরকার। মোবাইল ফোনে পৌঁছে গিয়েছে সতর্কবার্তা।
শনিবার সকালে আচমকাই ইরানে মুহুর্মুহু রকেট বর্ষণ করে আমেরিকা এবং ইজ়রায়েল। ইজ়রায়েলের দাবি, আত্মরক্ষার্থেই আগাম হামলা চালিয়েছে তারা। ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের বাসভবন এবং দফতর লক্ষ্য করেও হানলা চালানো হয় বলে খবর। তবে হামলার আগেই সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় খামেনেইকে। তবে তাঁর বিশ্বস্ত এক আধিকারিক মারা গিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনও রকম রাখঢাক না করেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ঘোষণা করেছেন। পাল্টা আগ্রাসনের জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান।
Before You Go
Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda






















