Jantar Mantar Quota Protest : জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
শুক্রবার দিল্লির যন্তর মন্তরে হল বিরাট বিক্ষোভ । জমায়েত করলেন অসংরক্ষিত বা ‘আনরিজার্ভড’ শ্রেণির প্রতিনিধিরা।

নয়াদিল্লি: জাতির ভিত্তিতে নয়, কোটা বা সংরক্ষণ হোক আর্থিক পরিস্থিতির ভিত্তিতে । পরিবারের আর্থিক অবস্থার নিরিখে সরকারি সহায়তা পাক ছেলে-মেয়েরা, এই দাবি তুলে শুক্রবার দিল্লির যন্তর মন্তরে হল বিরাট বিক্ষোভ । জমায়েত করলেন অসংরক্ষিত বা ‘আনরিজার্ভড’ শ্রেণির প্রতিনিধিরা। অভিযোগকারীদের দাবি, সরকারি সুবিধা, শিক্ষা, কোচিং এবং অন্যান্য সহায়তার ক্ষেত্রে জাত-পাত দেখে বিশেষ সুবিধা বা ছাড় কেন দেওয়া হবে, বরং সেই ব্যক্তির আর্থিক অবস্থাকে অগ্রাধিকার দেওয়া হোক। শুধুমাত্র জাতিগত পরিচয় দেখিয়ে সরকারি সুবিধে বা ছাড় বা সংরক্ষিত আসন পাওয়া কাজের কথা নয় !
বিক্ষোভকারীদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড । অনেকের হাতে আবার ছিল গেরুয়া পতাকা। স্লোগান ওঠে ‘Reservation for the poor, not for caste’, অর্থাৎ জাতির ভিত্তিতে নয়, দরিদ্রদের জন্য সংরক্ষণ দেওয়া হোক। বিক্ষোভকারীদের মূল বক্তব্য, কোনও পরিবার বা শিক্ষার্থীর আর্থিক পরিস্থিতি যদি খারাপ হয়, তাহলে সরকারি সাহায্য পাওয়ার ক্ষেত্রে সেই অগ্রাধিকার পাক। তার কী জাত সেটা সেখানে গুরুত্ব পাবে কেন ! আর্থিক অবস্থাকেই প্রধান মাপকাঠি করা উচিত বলে দাবি ছিল অভিযোগকারীদের। যন্তর মন্তরে বিক্ষোভকারীরা বলেন, উচ্চশিক্ষা, কোচিং, পরীক্ষার প্রস্তুতি এবং অন্যান্য প্রয়োজনের ক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের সরকারি সহায়তা দেওয়া হোক। তাঁদের মতে, একই আর্থিক সমস্যায় থাকা ব্যক্তিদের শুধুমাত্র জাতিগত পরিচয়ের কারণে আলাদা সুবিধা দেওয়া দরকার আছে কি না, তা নিয়ে এবার ভাবা দরকার।
বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC-এর ইক্যুইটি রেগুলেশন নিয়েও আপত্তি জানান। তাঁদের বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্যের নামে এমন কোনও ব্যবস্থা থাকা উচিত নয়, যার ফলে কোনও নির্দিষ্ট শ্রেণির শিক্ষার্থীর প্রতি বৈষম্য তৈরি হতে পারে। এই বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। এছাড়া জমায়েতে, বিক্ষোভকারীদের আরও একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল SC/ST (Prevention of Atrocities) Act বাতিল করা। তাঁদের অভিযোগ, এই আইন কোনও কোনও ক্ষেত্রে অপব্যবহার করা হতে পারে এবং তার ফলে অনেকে সমস্যায় পড়তে পারেন। আইনের অপব্যবহার রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সরকারকে। এই দাবি জানান তাঁরা।
এই বিক্ষোভ সামাল দিতেও দিল্লি পুলিশ যন্তর মন্তর ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করে। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। পাশাপাশি একাধিক জায়গায় ব্যারিকেড বসিয়ে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতির উপর পুলিশ নজর রাখে । পুলিশের তরফে জানানো হয়েছে, প্রশাসনের নজরদারির মধ্যেই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে হয়েছে।
Before You Go
Jadavpur Incident News | "ABVP-এর দায়িত্ব BJP নেয়নি। এটা স্বাভাবিক শিক্ষার সঙ্গে সংযোগ না থাকবে ছাত্রসংগঠন না থাকারই কথা" : Anirban Banerjee






















