এক্সপ্লোর
অম্বেডকরের মূর্তিতে দুধ ঢেলে, তিলক এঁকে গেরুয়া কাপড় পরালেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক!
তান্ডা: বাবাসাহেব অম্বেডকরের মূর্তিকে দুধ ঢেলে স্নান করিয়ে বিতর্কে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক। তান্ডার বিধায়ক সঞ্জু দেবীর অবশ্য দাবি, তিনি সংবিধানের রূপকারের মূর্তি পরিষ্কার, শুদ্ধ করে তাঁকে শ্রদ্ধাই জানিয়েছেন। কিন্তু বিরোধীদের অভিযোগ, বিজেপি বিধায়ক অম্বেডকরের মূর্তিতে দুধ ঢালার পাশাপাশি তাঁর কপালে তিলক এঁকেছেন, গেরুয়া কাপড়েও ঢেকে দিয়েছেন ওই মূর্তি। অম্বেডকর অবমাননায় সঞ্জু দেবীকে অভিযুক্ত করার দাবি তুলেছে তারা। বহুজন সমাজ পার্টি (বিএসপি)র সাধারণ সম্পাদক লালজি ভার্মা তাঁর কড়া সমালোচনা করে বলেছেন, সংবিধানের প্রতিষ্ঠাতাকে কেউ শ্রদ্ধা জানাতে হলে তাঁর দেখানো পথে চলতে হবে। কেউ তাঁকে সম্মান করতে চাইলে মূ্র্তি ও তার চারপাশ সাফ করে তাতে মালা পরাতে পারেন। কিন্তু উনি যা করেছেন, সেটা অম্বেডকর যা শিখিয়েছেন, যা বিশ্বাস করতেন, তার সম্পূর্ণ পরিপন্থী। আমি জেলা প্রশাসনের কর্তাদের অনুরোধ করেছি, ওনার বিরুদ্ধে এজন্য এফআইআর দায়ের করা হোক। সঞ্জু দেবীর মতো লালজিও একই জেলার এমএলএ। যদিও বিজেপির সাধারণ সম্পাদক বিজয় বাহাদুর পাঠক দলীয় বিধায়কের পাশে দাঁড়িয়ে সাফাই দিয়েছেন, কেউ অম্বেডকরকে শ্রদ্ধা জানালে তা নিয়ে রাজনীতি করা অন্যায়। সমালোচনার মুখে সঞ্জু দেবীও বলেছেন, উনি মহাপুরুষ। স্বচ্ছ ভারত মিশনের আওতায় আমরা বিভিন্ন জায়গায় সাফাই অভিযান চালাচ্ছি, অম্বেডকরের মূর্তির সংলগ্ন জায়গাটা সাফ করে তাঁকেও শ্রদ্ধা জানাব বলে ঠিক করি। সঞ্জু দেবীর আগেই উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা সীতাকে টেস্ট টিউব বেবি বলে মন্তব্য করে যেচে বিতর্ক ডেকে আনেন। রামায়ণের জনপ্রিয় চরিত্র সম্পর্কে তাঁর এহেন মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে মামলা করেন জনৈক আইনজীবী।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
























