বড় বড় প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভাঁওতা দিয়েছে কংগ্রেস: মোদী

বারমের: বড় বড় দাবি ও প্রতিশ্রুতি দিয়ে কাজের কাজ না করে মানুষের সঙ্গে ‘প্রতারণা’ করেছে কংগ্রেস। মঙ্গলবার এভাবেই বিরোধী দলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন রাজস্থানের ৪৩,১২৯ কোটি টাকা ব্যয় তৈরি বারমের তেল শোধনাগার নির্মাণের সূচনা করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি কংগ্রেসকে কটাক্ষ করেন। তাঁর দাবি, রাজ্যে খরা ও কংগ্রেস হাতে হাত রেখে চলছিল। কংগ্রেস বিদায় নিতেই খরাও বিদায় নিয়েছে।
তিনি বলেন, কংগ্রেস মানুষকে বোকা বানিয়েছে। এভাবেই ওরা কাজ করে। কৃতিত্ব দাবি করার জন্য তারা শুধু প্রকল্পের শিলান্যাস করে গিয়েছে। নতুন ট্রেনের ঘোষণা করেছে। কিন্তু, কোনও কিছুই চালু করতে পারেনি।
প্রসঙ্গত, এই তেল শোধনাগার নিয়েও কংগ্রেস ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ হয়। কংগ্রেস দাবি করে, তৎকালীন সভানেত্রী সনিয়া গাঁধী ২০১৩ সালের সেপ্টেম্বরে এই শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। মোদী এখন আবার শিলান্যাস করছেন।
যদিও, কংগ্রেসের দাবি খারিজ করে দিয়েছে বিজেপি। তাদের পাল্টা দাবি, ২০১৩ সালে রাজস্থানে বিধানসভা নির্বাচনের জন্য রাজনৈতিক ভাঁওতা দিয়েছিল কংগ্রেস। এক ইঞ্চি জমি না বরাদ্দ করেই শিলান্যাস করা হয়েছিল।
মোদীর দাবি, তাঁর সরকার শুধু ঘোষণা করে থেমে থাকে না। বাস্তব রূপ দেওয়ার লক্ষ্য নিয়েই কাজে হাত দেয়। তিনি জানান, বার্ষিক ৬ মিলিয়ন টন ক্ষমতাসম্পন্ন এই শোধনাগারের কাজ ২০২২ সাল নাগাদ শেষ হবে।
Before You Go
Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee






















