গায়ের রং কালো, বিয়ের চার মাসের মধ্যে নাবালিকা গৃহবধূকে 'শ্বাসরোধ করে খুন', আটক স্বামী

কালনা: প্রেম করে বিয়ে। তারপরও গায়ের রঙ কালো বলে নাবালিকা গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। জামাই ফোনে বলেছিলেন, স্ত্রী অসুস্থ। ডাক্তার দেখাতে হবে। কিন্তু, মা-বাবা গিয়ে দেখলেন, বিছানায় পড়ে রয়েছে মেয়ের নিথর দেহ। নাকে-মুখে রক্তের দাগ। পাশে মাথার বালিশেও রক্ত। এরপরই তাঁরা খুনের অভিযোগ দায়ের করেন। তাঁদের চাঞ্চল্যকর দাবি, প্রেম করে বিয়ের পরও স্রেফ গায়ের রঙ কালো বলে তাঁদের নাবালিকা মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছেন জামাই। মৃতার মা-বাবার দাবি, নভেম্বর মাসে তাঁদের মেয়ের সঙ্গে বিয়ে হয় ২২ বছর বয়সী অরিজিৎ দাসের। তারপর থেকে মেয়ে মাঝে মাঝেই বলত, গায়ের রঙ কালো বলে তাঁকে শ্বশুরবাড়িতে নানা কথা শুনতে হয়। এর জেরে স্বামী-স্ত্রী মিলে আলাদা থাকতে শুরু করেন। কিন্তু, কিছুদিনের মধ্যে স্বামীও তার গায়ের রঙ নিয়ে কথা শোনাতে শুরু করেন বলে অভিযোগ। এরপর মঙ্গলবার শ্বশুরবাড়িতে উদ্ধার হয় ওই নাবালিকা গৃহধূর মৃতদেহ। কালনা থানায় অভিযোগ দায়ের করেছে মৃত নাবালিকার পরিবার। তার ভিত্তিতে জামাইকে আটক করেছে পুলিশ।
Before You Go
Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda






















