Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে কংগ্রেস সদর দফতরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ পরিবেশন ঘিরে বিতর্ক। সনিয়া গান্ধী ও খাড়গের ইশারা নিয়ে বিজেপির অভিযোগ, পাল্টা ব্যাখ্যা কংগ্রেসের।

নয়া দিল্লি: স্বাধীনতা দিবসের দিন দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক। 'স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুরো বন্দে মাতরম গাইতে বাধা', বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, এমনই অভিযোগ করল বিজেপি। যদিও খাড়গের জন্য চেয়ার খুঁজছিলেন, পাল্টা বক্তব্য রেখেছেন জয়রাম রমেশ।
অনুষ্ঠানের একটি ভিডিও সামনে আসার পর বিজেপির অভিযোগ, জাতীয় সঙ্গীত নয়, জাতীয় গান ‘বন্দে মাতরম’ পুরোটা গাওয়া বা বাজানো নিয়ে আপত্তি জানিয়েছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ভিডিওতে সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং পরে রাহুল গান্ধীর কিছু ভঙ্গি নিয়েই শুরু হয়েছে এই বিতর্ক।
তবে কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। দলের তরফে বলা হয়েছে, ‘বন্দে মাতরম’ থামানোর কোনও চেষ্টা হয়নি। কংগ্রেস নেতা জয়রাম রমেশের ব্যাখ্যা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের জন্য চেয়ার আনার কথাই সনিয়া গান্ধী ইঙ্গিত করে বলছিলেন। তাঁর দাবি, অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ সংস্করণই গাওয়া হয়েছে।
কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিওতে?
দিল্লির কংগ্রেস সদর দফতরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ‘বন্দে মাতরম’ পরিবেশন চলার সময় সনিয়া গান্ধী এবং খাড়গেকে আশপাশের লোকজনের দিকে হাত দিয়ে কিছু ইশারা করতে দেখা যায়।
এর কিছুক্ষণ পর রাহুল গান্ধীকেও একই ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিজেপি-সহ কংগ্রেস-বিরোধী নেতারা প্রশ্ন তুলতে শুরু করেন—তাহলে কি ‘বন্দে মাতরম’-এর পরিবেশন থামানোর চেষ্টা হয়েছিল?
বিজেপির অভিযোগ কী?
ভিডিও প্রকাশ্যে আসার পর বিজেপি কংগ্রেসকে নিশানা করে। দলের নেতাদের অভিযোগ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ সংস্করণ পরিবেশনে কংগ্রেস নেতৃত্বের আপত্তি ছিল। বিজেপি এই ঘটনাকে জাতীয় গানের প্রতি অসম্মান হিসেবেও তুলে ধরেছে। ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের ঐতিহাসিক অবস্থান নিয়েও নতুন করে আক্রমণ শুরু হয়েছে।
For the first time, the entire ‘Vande Mataram’ was sung at the Congress headquarters on Independence Day.
— Amit Malviya (@amitmalviya) August 15, 2026
After the initial stanzas of Vande Mataram were sung, Sonia Gandhi became agitated and asked for the rendition to be stopped rather than played in full. Rahul Gandhi too… pic.twitter.com/ITgkkBvStG
বিজেপির অভিযোগের পর কংগ্রেসের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, গান থামানোর কোনও ঘটনা ঘটেনি। কংগ্রেসের পাল্টা যুক্তি—‘বন্দে মাতরম’ তো পুরোই গাওয়া হয়েছে। জয়রাম রমেশের ব্যাখ্যা অনুযায়ী, খাড়গে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন। তাই সনিয়া গান্ধী তাঁর জন্য একটি চেয়ার আনার কথা বলছিলেন। অর্থাৎ ভিডিওতে যে অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে, তার সঙ্গে ‘বন্দে মাতরম’ থামানোর কোনও সম্পর্ক নেই। কংগ্রেসের আরও দাবি, ইন্দিরা ভবনে ‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ সংস্করণই পরিবেশন করা হয়েছে এবং গান থামানোর কোনও চেষ্টা হয়নি।























