Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Mini Moon 2026 QQ8: আরও একটি উপগ্রহ পেল পৃথিবী। কতদিন থাকবে?

নয়াদিল্লি: আরও একটি উপগ্রহ পেল পৃথিবী। কয়েক মাস আগেই পৃথিবীর কাছাকাছি চলে আসে সেটি। সেই থেকে লাগাতার পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। তবে এতদিন সেটির উপর নজর পড়েনি বিজ্ঞানীদের। তবে বেশিদিন পৃথিবীকে সঙ্গ দেবে না উপগ্রহটি। চলতি বছরের শেষ দিকেই দূরে সরে যাবে। (Mini Moon 2026 QQ8)
পৃথিবীর নতুন উপগ্রহটির নাম রাখা হয়েছে 2026 QQ8. গত ২০ অগাস্ট হাঙ্গেরির জ্যোতির্বিজ্ঞানী ক্রিজ়তিয়ান সারনেকজ়ি প্রথম সেটিকে দেখতে পান। মহাশূন্যের বুকে গ্রহাণু খুঁজে বেড়ান ক্রিজ়তিয়ান। শতাধিক গ্রহাণু আবিষ্কারের রেকর্ড রয়েছে তাঁর। Minor Planet Center-কে বিষয়টি জানিয়েছিলেন তিনি। (Science News)
2026 QQ8-কে প্রথমে মহাজাগতিক আবর্জনা মনে করা হয়েছিল। কোনও কৃত্রিম উপগ্রহের দেহাংশ বলে মনে করছিলেন বিজ্ঞানীরা। কিন্তু অ্যারিজোনার Lowell Discovery Telescope এবং ইউনিভার্সিটি অফ হাওয়াইয়ের ২.২ মিটার টেলিস্কোপের সাহায্য়ে নজরদারি চালিয়ে বোঝা যায় সেটি একটি প্রাকৃতিক ভাবে সৃষ্টি হওয়া মহাজাগতিক বস্তু।
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, 2026 QQ8-এর কক্ষপথ সিমের বীজের মতো। এর ফলে পৃথিবীর খুব কাছে এসে পড়ে সেটি। এপ্রিল মাসেও ঘুরতে ঘুরতে পৃথিবীর কাছে চলে এসেছিল। পৃথিবী এবং সূর্যের অভিকর্ষ শক্তির মাঝের যে কাল্পনিক সীমারেখা, সেই ‘Hill Sphere’ সাধারণত এড়িয়েই চলে 2026 QQ8. কিন্তু এপ্রিল মাসে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আওতায় চলে এলে, সঙ্গে সঙ্গে নিজের দিকে সেটিকে টেনে নেয় পৃথিবী। (Mini Moon 2026 QQ8)
আগামী, এক-দু’মাসও পৃথিবীকে প্রদক্ষিণ করবে 2026 QQ8. ডিসেম্বর অথবা জানুয়ারিতে নিজের পুরনো কক্ষপথে সরে যাবে সেটি। আবারও সূর্যকে প্রদক্ষিণ করতে শুরু করব। (Science News)
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, 2026 QQ8 আসলে একটি ক্ষুদ্রাকার গ্রহাণু। আয়তন ছয় ফুটের মতো। কোনও ভাবে যদি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশও করে, সেক্ষেত্রে মাটিতে আছড়ে পড়ার আগেই পুড়ে ছাই হয়ে যাবে। তবে সেটির পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ৩৫৯ দিন সময় নেয় 2026 QQ8.
সাধারণ টেলিস্কোপে দেখা সম্ভব নয় 2026 QQ8-কে। তবে শক্তিশালী দিয়ে দেখা সম্ভব। তবে এই প্রথম নয়, এর আগেও 2020 SO, 2020 CD3 এবং 2024 PTS গ্রহাণুর সন্ধান মেলে, যেগুলি উপগ্রহের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করে। এর মধ্যে 2025 PN7-এর মতো ‘কোয়াসি মুন’ও রয়েছে, যারা আসলে সূর্যকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর অভিকর্। শক্তির মধ্যে না ঢুকে সমান্তরাল কক্ষপথে পৃথিবীর সঙ্গেই সূর্যের চারিদিকে চক্কর কাটে। পাশাপাশি, 2026 QQ8-এর মতো ‘মিনি মুন’ও কিছু সময়ের জন্য পৃথিবীকে প্রদক্ষিণ করে। 2025 PN7 ২০৮৩ সাল পর্যন্ত পৃথিবীকে প্রদক্ষিণ করবে।






















