New Planet Discovery: বেবি প্ল্যানেটের সন্ধান মিলল এবার, এখনও পুরোপুরি গড়ে ওঠেনি শরীর, বয়স মাত্র…
Baby Planet Discovered: কনিষ্ঠতম ওই গ্রহটির নাম রাখা হয়েছে Elias 2-24 b. পৃথিবী থেকে ৪৫০ আলোকবর্ষ দূরের একটি নতুন সৃষ্টি হওয়া নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটি।

নয়াদিল্লি: মহাশূন্যের বুকে এবার ‘শিশুগ্রহ’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। সৌরজগতের বাইরে, নিকটবর্তী একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটি। সৌরজগতের বাইরে এখনও পর্যন্ত আবিষ্কৃত কনিষ্ঠতম গ্রহ সেটি। সেটির বয়স ১০ লক্ষ বছরের কম বলে জানা যাচ্ছে। এখনও পুরোপুরি পরিণত হয়নি। ফলে গ্রহ তৈরির প্রক্রিয়া কাছ থেকে দেখা যাবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। (Baby Planet Discovered)
কনিষ্ঠতম ওই গ্রহটির নাম রাখা হয়েছে Elias 2-24 b. পৃথিবী থেকে ৪৫০ আলোকবর্ষ দূরের একটি নতুন সৃষ্টি হওয়া নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটি। বয়সে নবীন হলেও, Elias 2-24 b আকারে পৃথিবীর চেয়ে বেশ বড়, প্রায় বৃহস্পতির সমান। সূর্য থেকে নেপচুনের দূরত্ব যতটা, নিজের নক্ষত্রের থেকে সেটির অবস্থান ততটাই দূরে। (New Planet Discovery)
২০১৭ সালে প্রথম বার ভারী ওজনের গ্রহটির অস্তিত্ব টের পান বিজ্ঞানীরা। সেই সময় নক্ষত্রটির প্রোটোপ্ল্য়ানেটরি বলয়ে কিছু ফাঁক বা শূন্যস্থান চোখে পড়ে। নক্ষত্রসৃষ্টির পর অবশিষ্ট গ্যাস, ধূলিকণা এবং অন্য মহাজাগতিক ধ্বংসাবশেষের ঘূর্ণায়মান বলয়কে চাকতির মতো দেখায়। ওই ফাঁকফোকর দেখেই বোঝা গিয়েছিল, নক্ষত্রের অভিকর্ষীয় আকর্ষণে গ্যাস, ধূলিকণা এবং অন্য ধ্বংসাবশেষ একত্রিত এবং ঘনীভবত হয়ে গ্রহ তৈরি হয়েছে। অধিকাংশ গ্রহণ সেভাবে তৈরি হয়। তবে সেই সময় নক্ষত্র থেকে অনেকটা দূরে অবস্থান কার গ্রহটি সরাসরি ধরা দেয়নি বিজ্ঞানীদের চোখে।
গত ১৬ সেপ্টেম্বর The Astrophysical Journal Letters-এ যে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে, তাতে তিনটি টেলিস্কোপ থেকে গ্রহটি নিরীক্ষণ করে বিশদ তথ্য তুলে ধরেছেন বিজ্ঞানীরা। গ্রহটির অবস্থান বোঝার পাশাপাশি, সেটির বয়সও নির্ধারণ করা সম্ভব হয়। ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্যাল স্টাডিজের অ্যান্ড্রিয়া বার্নার্ডি জানিয়েছেন, গ্রহটির বয়স এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য। এখনও পর্যন্ত আবিষ্কৃত কনিষ্ঠতম গ্রহ সেটি, তাও আবার অত দূরে। এখনও পর্যন্ত পুরোপুরি গড়ে ওঠেনি গ্রহটি। চারপাশের উপাদান সংগ্রহ করে চলেছে।
আরও পড়ুন: এবার AI Force আনছে আমেরিকা, ঝুঁকি মানতেই নারাজ ট্রাম্প, বড় ঘোষণা করলেন
পৃথিবীর থেকে Elias 2-24 b গ্রহটি বয়স ৫০০০ ভাগ কম। সৌরজগতের বাইরে অবস্থিত প্রাচীনতম এক্সোপ্ল্যানেট PSR B1620-26 b-র (অথবা Methuselah) সঙ্গে তুলনা করলে বয়সে ০.০০৮ শতাংশ। Methuselah-র বয়স আনুমানিক ১১০ কোটি বছর, বিগ ব্যাংয়ের ঠিক পর পরই। মানুষের গড় আয়ুর সঙ্গে যদি তুলনা করা হয়, তাহলে কনিষ্ঠতম গ্রহটির বয়স সবে দুই বা তিন দিন। এতদিন পর্যন্ত কনিষ্ঠতম এক্সোপ্ল্যানেট হিসেবে চিহ্নিত ছিল PFS 70 নক্ষত্রকে প্রদক্ষিণ করা গ্রহগুলিও। সেগুলির বয়স প্রায় ৫০ লক্ষ বছর।
সৌরজগতের বাইরে এখনও পর্যন্ত ৬০০০-এর বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA মহাকাশে Nancy Grace Roman Space Telescope পাঠিয়েছে গত ৩০ অগাস্ট। সেটি ব্রহ্মাণ্ডের গভীরে নজরদারি চালাবে। এর ফলে ১ লক্ষের বেশি নতুন এক্সোপ্ল্যানেটের সন্ধান মিলতে পারে বলে মনে করা হচ্ছে।






















