Rinku Singh: শুধু টি-টোয়েন্টি প্লেয়ার হিসেবে নয়, টেস্টেও দেশের হয়ে খেলতে মরিয়া রিঙ্কু
Indian Cricket Team: দেশের জার্সিতে ৪৮টি টি-টোয়েন্টিতে মোট ৭০২ রান করেছেন। ৩৫টি ইনিংসে ব্যাট করতে নেমেছেন। ১৫৬.৩৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রিঙ্কু।

মুম্বই: আইপিএলে কেকেআরের জার্সিতে ট্রফি জিতেছেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে বিশ্ব ক্রিকেটের নজরে এসেছিলেন। জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে টি-টোয়েন্টিতে অনেক দিন হয়ে গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন, এশিয়া কাপও জিতেছেন। কিন্তু দেশের জার্সিতে বারবার টি-টোয়েন্টি ফর্ম্য়াটের জন্যই তাঁকে ভাবা হয়েছে। নির্বাচকদের আস্থা অর্জন করে এবার টেস্ট ক্রিকেটেও দেশের জার্সিতে খেলার জন্য মরিয়া হয়ে উঠেছেন রিঙ্কু সিংহ। তিনি কোনওভাবেই শুধু একটি ফর্ম্য়াটের প্লেয়ার নন, এমনটাই মনে করেন কেকেআরের সহ অধিনায়ক। তিনটি ফর্ম্য়াটেই নিজের জাত চেনাতে চান রিঙ্কু।
দেশের জার্সিতে ৪৮টি টি-টোয়েন্টিতে মোট ৭০২ রান করেছেন। ৩৫টি ইনিংসে ব্যাট করতে নেমেছেন। ১৫৬.৩৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রিঙ্কু। ব্যাটিং অর্ডারে এমন পজিশনে নামেন ক্রিজে সেট হওয়ারও সময় পান না ঠিকভাবে। নেমেই চালিয়ে খেলতে হয়। রিঙ্কু বলছেন, 'একটা ধারণা তৈরি হয়েছে যে আমি শুধুমাত্র টি-টােয়েন্টি ফর্ম্য়াটের প্লেয়ার। কিন্তু আপনি আমার ঘরোয়া ক্রিকেটে গড় দেখুন একবার, তাহলে নিজেরাই বুঝবেন যে আমি শুধুমাত্র একটি ফর্ম্য়াটের প্লেয়ার নই। ঘরোয়া ক্রিকেট ওয়ান ডে হোক বা চারদিনের ম্যাচ, আমি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমি নিজেকে টেস্ট প্লেয়ার হিসেবে দেখতে চাই। মানুষ শুধুমাত্র আমাকে যেন ওয়ান ফর্ম্য়াট প্লেয়ার না ভাবেন।'
View this post on Instagram
প্রথম শ্রেণির ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলেন রিঙ্কু। তাঁর রেকর্ডও কিন্তু যথেষ্ট ঈর্ষণীয়। ৫৩টি প্রথম শ্রেণির ম্য়াচে ৭৬ ইনিংসে ৩৭৫৭ রান করেছেন এখনও পর্যন্ত। গড় ৫৮.৭০। মোট ৯টি সেঞ্চুরি প্রথম শ্রেণির ম্য়াচে করেছেন ও ২৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্য ছিলেন রিঙ্কু। কিন্তু এরপর থেকে আইপিএলে ভাল পারফর্ম করতে পারেননি। গত দুটো টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলের বাইরে ছিলেন। এরই মাঝে নিজের দ্বিতীয় ইনিংসও শুরু করতে চলেছেন রিঙ্কু। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে নিজের বাগদান পর্ব আগেই সেরেছিলেন। সূত্রের খবর, আগামী ৪ ডিসেম্বর লখনৌয়ের রামাদা হোটেলে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রিঙ্কু ও প্রিয়া।




















