Jasprit Bumrah: তিন ফর্ম্যাটে দুরন্ত, বুমরার অনবদ্য বিশ্বকাপের জেরেই বার্ষিক চুক্তিতে বদল ঘটাচ্ছে বিসিসিআই?
BCCI: বার্ষিক চুক্তিতে বদল ঘটানোর জেরে যশপ্রীত বুমরার বেতন সাত কোটি টাকা থেকে কমে পাঁচ কোটিতে দাঁড়িয়েছে।

মুম্বই: দিনকয়েক আগেই বিশের বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম দল হিসাবে নাগাড়ে দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তৃতীয় খেতাব জয়, দুই ক্ষেত্রেই ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। এই ঐতিহাসিক কৃতিত্বের পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) নিজেদের বেতন পরিকাঠামোয় বদল ঘটানোর চিন্তাভাবনা করছে।
৬ ফেব্রুয়ারি ভারতীয় বোর্ডের তরফে বার্ষিক চুক্তি তালিকা প্রকাশ করা হয়। সেখানে জল্পনা অনুযায়ী ‘এ+’ ক্যাটাগরি সরিয়ে ফেলা হয়। বোর্ডের তরফে জানানো হয় ওই ক্যাটাগরিতে ভারতীয় দলের তেমন পরিমাণ ক্রিকেটার আর নেই। সেই কারণেই ওই ক্যাটাগরি বাতিল করা হয়েছে। নতুন বার্ষিক চুক্তি অনুযায়ী যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), শুভমন গিল ও রবীন্দ্র জাডেজা, তিন ক্রিকেটারকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
কিন্তু এর ফলে বুমরার বার্ষিক চুক্তি থেকে আয়ের পরিমাণ কমে গিয়েছে। আগে সাত কোটি টাকা যেখানে তিনি পেতেন, সেখানে বর্তমান চুক্তি অনুযায়ী বুমরা বার্ষিক চুক্তি থেকে দুই কোটি কম, পাঁচ কোটি টাকাই পাবেন। তবে এই ঘাটতির পরিমাণ যাতে মেকআপ করা যায়, তাই চুক্তি বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের তরফে পুনর্বিবেচনা করা হবে বলেই বিভিন্ন রিপোর্ট দাবি করা হচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছিলেন সঞ্জু স্যামসন। তবে টুর্নামেন্ট জয়ের ক্ষেত্রে বুমরার অবদানও কম নয়। ফাইনালে চার উইকেটসহ টুর্নামেন্ট সর্বোচ্চ ১৪টি উইকেট নেন বুমরা। এহেন পারফরম্যান্সের পরেই মূলত বুমরার কথা মাথায় রেখেই চুক্তির অঙ্ক এবং পরিকাঠামোয় বদলের চিন্তাভাবনা করছে ভারতীয় বোর্ড।
বুমরা তিন ফর্ম্যাটেই ধারাবাহিকভাবে জাতীয় দলের হয়ে পারফর্ম করে চলেছেন এবং তাঁকে সেই পারফরম্যান্সের পুরস্কার দিতে তৎপর বোর্ড। সেই কারণেই এই বার্ষিক চুক্তি গঠন নিয়ে পুনর্বিবেচনার জল্পনা সামনে আসছে। এই বিষয়ে অবগত এক বিসিসিআই সূত্র জানান, 'বোর্ড চেষ্টা করছে কীভাবে বুমরাকে এই ক্ষতিপূরণ দেওয়া যায়। ওর বেতন সাত কোটি থেকে কমিয়ে পাঁচ কোটি করে দেওয়াটা যে অনুচিত হবে, সেটা বলাই বাহুল্য। অন্যান্য বেশ কয়েকজন ক্রিকেটারও রয়েছে যারা ভাল পারফরম্যান্স সত্ত্বেও চুক্তির গ্রেডে অবনমিত হয়েছে। সেইসব কারণেই বার্ষিক চুক্তির অর্থের বিষয়টা নিয়ে পুনর্বিবেচনা করা হবে।'
Before You Go
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?



















