Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
Sri Lanka Cricket: শ্রীলঙ্কার ওয়ান ডে দলের অধিনায়ক কুশল মেন্ডিসের কোচের মৃত্যুর ঘটনায় এক ১৭ বছর বয়সি ক্রিকেটারকে গ্রেফতার করা হয়।

কলম্বো: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শ্রীলঙ্কার (Sri Lanka Cricket) বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নেমে পড়বে ভারতীয় দল। তবে সেই সিরিজ়ের আগেই দ্বীপরাষ্ট্র থেকে মর্মান্তিক খবর এল। মারা গেলেন এক শ্রীলঙ্কান কোচ। গোটা ঘটনার বিবরণ শুনে বিস্মিত সকলেই।
শ্রীলঙ্কান ক্রিকেটের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত কোচ সুমিত ফার্নান্ডো। তিনি একগুচ্ছ লঙ্কান ক্রিকেটারদের কোচিং করিয়েছেন। এর মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ান ডে দলের অধিনায়ক কুশল মেন্ডিসও। সেই কোচই নাকি একদল ক্রিকেটারদের সঙ্গে বাকবিতণ্ডার পর প্রাণ হারালেন। তাও আবার এক ক্রিকেটারের জেরেই।
রিপোর্ট অনুযায়ী, ফার্নান্ডোর সঙ্গে এক দল ক্রিকেটারদের বচসা বাঁধে। বচসার কারণ জল। ব্লুমফিল্ডে কর্তব্যরত ছিলেন ফার্নান্ডো। সেখানে একদল তরুণ ক্রিকেটার ট্যাপ কলের কাছে জলপান করতে যায়। তবে সেই কল দিয়ে জলই নাকি পড়ছিল না। এরপরেই ফার্নান্ডোর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ায় ওই ক্রিকেটাররা। বচসার সময় রিপোর্ট অনুযায়ী ফার্নান্ডো ক্রিকেটারদের আঘাত করতে উদ্যত হন। কিন্তু তাদের মধ্যে ১৭ বছর বয়সি এক ক্রিকেটার পাল্টা তাঁকেই আঘাত করে।
আরও পড়ুন:- আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
গুরুতর চোট পাওয়ায় ওই কোচকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীনই সুমিত ফার্নান্ডো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুলিশ ওই অভিযুক্ত ১৭ বছর বয়সি ক্রিকেটারকে গ্রেফতার করে। ১১ অগাস্ট কলম্বো ম্যাজিস্ট্রেট কোর্টে ওই ক্রিকেটারকে পেশ করা হলে আদালত তাকে প্রোবেশন ও চাইল্ডকেয়ার বিভাগের তত্ত্বাবধানে ১৭ অগাস্ট অবধি রাখার নির্দেশ দেয়।
Sri Lanka Mirror-র রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত ১৭ বছর বয়সি ক্রিকেটারের বাড়ি সেদুয়াতে। সেই ঘটনার মূল অভিযুক্ত। জল না পাওয়ার জেরেই তাদের সঙ্গে ওই কোচের ঝামেলা বাঁধে। তারপরেই কথা কাটাকাটি এবং সেখান থেকেই ঝামেলা পৌঁছয় হাতাহাতি। সেই ক্রিকেটারকে মারতে উদ্যত হন ওই কোচ।
তবে ঠিক কীভাবে, কী কারণে ফার্নান্ডোর মৃত্যু হয়েছে, গোটা ঘটনাটা ঠিক কী! সেই নিয়ে কিন্তু এখনও তদন্ত চলছে। শোনা যাচ্ছে ফার্নান্ডোর হৃদরোগ ছিল। তদন্তকারীরা ময়নাতদন্ত করে দেখছেন যে সেই হৃদরোগেই ফার্নান্ডোর মৃত্যু হয়েছে না কি আঘাতের জেরে তিনি মারা গিয়েছেন। এই ময়নাতদন্তের রিপোর্ট অবশ্য এখনও পাওয়া যায়নি। গতকালই ফার্নান্ডোর শেষকৃত্য সম্পন্ন হয়।




















