Arpita Mukherjee: ইডি-র নজরে এবার অর্পিতার জামাইবাবু, গিয়েছিলেন বেলঘরিয়ার ফ্ল্যাটেও
ইডি-র নজরে এবার অর্পিতা মুখোপাধ্যায়ের জামাইবাবু কল্যাণ ধর। অর্পিতা গ্রেফতার হওয়ার তিনদিন আগে তাঁর বেলঘরিয়ার ফ্ল্যাটে গিয়েছিলেন কল্যাণ। মিনিট পাঁচেক ছিলেন। হাতে ছিল প্যাকেট। এমনই জানিয়েছেন আবাসনের নিরাপত্তারক্ষী। রেজিস্টারে লেখা মোবাইল নম্বরে ফোন করা হলেও সাড়া মেলেনি। রেজিস্টারে উল্লেখ, ১৯ জুলাই, সকাল ১০টা ৪০ মিনিটে অর্পিতার ফ্ল্যাটে এসেছিলেন কল্যাণ ধর নামে এক ব্যক্তি। আসার কারণের জায়গায় লেখা, অফিশিয়াল। অর্পিতার জামাইবাবুর খোঁজ শুরু করেছেন ইডি-র আধিকারিকরা। আবাসনের রেজিস্টারে দেখা যাচ্ছে, এর আগে ৩০ মে, অর্পিতার ফ্ল্যাটে আসেন ফুড ডেলিভারি অ্যাপসের এক কর্মী। ওই ব্যক্তির দাবি, তিনি মিনিট পাঁচেক আবাসনে ছিলেন, এক মহিলা তাঁর কাছ থেকে খাবারের প্যাকেট নেন। ওই মহিলাকে অর্পিতা বলে সনাক্ত করেছেন ফুড ডেলিভারি অ্যাপসের কর্মী।




















