Ayan Sil: যোগ্য প্রার্থীদেরও চাকরি চুরি অয়ন শীলের
কেবল অযোগ্য প্রার্থীদের চাকরি নয়, টাকা দিতে না পারায় যোগ্য প্রার্থীদের চাকরি চুরি করে অয়ন শীল (Ayan Sil) , নিয়োগ দুর্নীতিকাণ্ডে অয়ন শীলের বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে এল। টাকা না দেওয়ায় প্যানেল থেকে নাম বাদ দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। অভিযোগকারিণী চয়নিকা আঢ্য চুঁচুড়ার বাসিন্দা। তাঁর দাবি, ২০১৯-এ পরীক্ষা দিয়ে প্লেয়ার্স কোটায় চাকরি পান টিটাগড় পুরসভায়। গ্রুপ ডি কর্মী হিসেবে ৬ দিন কাজ করানোর পর, গোটা প্যানেলটাই বদলে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারিণী জানিয়েছেন, নেপথ্য ছিলেন অয়ন শীল। দাবি মতো তাঁকে ৫ লক্ষ টাকা না দেওয়াতেই তিনি চাকরি খুইয়েছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন গ্রেফতার হওয়ায় এবার সরব হয়েছেন অভিযোগকারিণী। যদিও নিয়োগ দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল (TMC) পরিচালিত টিটাগড় পুরসভার তৎকালীন চেয়ারম্যান।




















