Partha Chatterjee : একাধিক প্রশ্নের উত্তর পেতে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চায় CBI
কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গ্রেফতারের পর, এবার পার্থ চট্টোপাধ্যায়কেও হেফাজতে নিতে চায় সিবিআই। এই মর্মে আলিপুর কোর্টে, CBI’এর বিশেষ আদালতে আবেদন জানিয়েছে তারা। এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে আজ সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক। আপাতত জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নেওয়ার আর্জি জানাল সিবিআই। অর্থাত্ ED’র পর এবার CBI। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আর কারা জড়িত? কার সঙ্গে কত টাকার লেনদেন হয়েছিল? কীভাবে অযোগ্য প্রার্থীরা চাকরি পেল? এসব প্রশ্নের উত্তর পেতেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিতে চায় CBI। পার্থ চট্টোপাধ্যায়কে শুক্রবার সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক। এ প্রসঙ্গে, প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে, ২ বার পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে CBI। CBI সূত্রে খবর, তখন প্রাক্তন শিক্ষামন্ত্রী দাবি করেছিলেন, যে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল, তার ফাইলে শুধু সই করেছিলেন তিনি। কীভাবে কমিটি গঠন হয়েছিল, সেই কমিটি কীভাবে কন্ট্রোল হত, কারা কন্ট্রোল করত...কিছুই তিনি জানেন না।
























