Job Scam: নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ
নিয়োগ দুর্নীতি মামলায় এই নিয়ে চতুর্থবার হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রায় ৭ ঘণ্টা ধরে সিজিও কমপ্লেক্সে একের পর এক প্রশ্ন। ব্যাঙ্ক স্টেটমেন্ট ও সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে আজ ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়। এর আগে শান্তনুর বলাগড়ের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড, শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাপস মণ্ডল ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। গত সপ্তাহে বুধ, বৃহস্পতি ও শুক্রবার পরপর তিনদিন সল্টলেকে ইডি দফতরে হাজিরা দেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। গতকাল ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, গোপাল দলপতি ও তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদে আরও কিছু নতুন তথ্য উঠে আসায়, আজ ফের শান্তনুকে তলব করা হয় বলে ইডি সূত্রে খবর।




















