Flash Flood in Nepal : নেপালে হড়পা বানের জেরে শতাধিক মৃত্যু? তৈরি হয়েছে আশঙ্কা
কয়েক সেকেন্ডের মধ্যে ভেসে গেল চারপাশ। হড়পা বানে বিধ্বস্ত উত্তর নেপালের রাসুয়া জেলা। বুধবার সকালে চিন সীমান্তবর্তী ওই জেলায় আচমকা নামে হড়পা বান। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বানের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি, বাজার, একের পর এক গাড়ি। ভেঙেছে সেতুও। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও ঠিক কতটা, তা সরকারি ভাবে ঠাওর করা যায়নি। এমনকি, ব্যাপকতা দেখে হতাহতের সংখ্যা নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিমি দূরে অবস্থিত রাসুয়ায় আনুমানিক ৫০ হাজার মানুষের বাস। তিব্বত থেকে নেপালে প্রবেশ করে এই জেলা দিয়েই বসে গিয়েছে ভোতেকোশি নদী। বুধবার সকাল ৯টা থেকেই তাতে বৃদ্ধি পায় জলস্তর। তারপর ক্ষণিকের মধ্য়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে হড়পা বান। প্রাথমিক ভাবে অনুমান, তিব্বতের দিক থেকে প্রবেশ করেছে বন্যার জল। তবে এই হড়পা বানের প্রভাব যে শুধুমাত্র রাসুয়ার মধ্যে সীমিত থেকেছে, এমন নয়। প্রশাসনিক সূত্রে খবর, রাসুয়া পেরিয়ে মোট ৬টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এই বান। ইতিমধ্যেই জরুরি বৈঠকে বসেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজের জন্য সেনা এবং পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। নেপালের বন্যার জেরে চিন্তার আবহ তৈরি হয়েছে বিহারেও। সেখানেও জারি হয়েছে অ্যালার্ট।






















