Mumbai: ২০২৪-এর কুর্সি দখলের লড়াই-এর রণকৌশল, তৃতীয়বার বৈঠকে বসতে চলেছে 'ইন্ডিয়া'
২০২৪-এর কুর্সি দখলের লড়াইয়ে নামার আগে রণকৌশল ঠিক করতে তৃতীয়বার বৈঠকে বসতে চলেছে 'ইন্ডিয়া'। পাটনা, বেঙ্গালুরুর পর এবার মুম্বইয়ে বিরোধী জোটের তৃতীয় বৈঠক। সূত্রের খবর, শরিক দলগুলির মধ্যে কীভাবে সমন্বয়, সেবিষয়ে নীতি নির্ধারণে তৈরি করা হবে কমিটি। মুম্বইয়ের জোট বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে মোদি সরকারের বিরুদ্ধে প্রচারের রণকৌশল ঠিক করতেও আলোচনা হবে বলে সূত্রের খবর। মুম্বইয়ের জোট বৈঠকে ইভিএমের বদলে ব্যালটে ভোটের দাবি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা। সনিয়া গান্ধীই কী হবেন বিরোধী জোট 'ইন্ডিয়া'র চেয়ারপার্সন ? তৃতীয় বৈঠকের আগে এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।






















