Mamata Banerjee: পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। ২৯ শে অগাস্ট বিকেল সাড়ে ৪ টে নবান্ন সভাঘরে হবে বৈঠক। বৈঠকে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকেই ডাকা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে একটি কমিটি গড়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই কমিটি পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখে পালন করার সুপারিশ করেছে। পাশাপাশি, রাজ্যের নিজস্ব সঙ্গীত থাকা দরকার বলে প্রস্তাবও করেছে সেই কমিটি। সেই প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা উচিত? নাম কী হবে? পশ্চিমবঙ্গ দিবস না বাংলা দিবস? এইসব নিয়েই অন্যান্য রাজনৈতিক দলগুলির মতামত নিতে চান মুখ্যমন্ত্রী।
























