Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
পানিহাটি : এক বিজেপির কর্মীর মৃত্যুতে পারদ চড়ল রাজ্য রাজনীতির। নজরে পানিহাটি। প্রকট হয়েছে দলীয় গোষ্ঠীকোন্দল। মৃত বিজেপি কর্মীর নাম অরূপ সাহা। তাঁর স্ত্রী রুমা সাহা পানিহাটি ১ নম্বর মণ্ডলের সম্পাদক। অভিযোগ, পানিহাটিতে এক ব্যবসায়ীর উপর 'হামলা' চালায় বিজেপির আর একটি গোষ্ঠী। অভিযোগ উঠেছে পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে। সেই সময় ওই হামলার প্রতিবাদ করতে গিয়েছিলেন রুমা সাহা। স্ত্রীয়ের সঙ্গে ছিলেন স্বামী অরূপও। স্ত্রী রুমাকে লক্ষ্য করে গালিগালাজ করেন হামলাকারীরা। তাতে বাধা দিলে আক্রান্ত হন স্বামী অরূপ সাহা। সাগর দত্ত মেডিক্যালে নিয়ে গেলে বিজেপি কর্মীকে মৃত ঘোষণা করে চিকিৎসক। ইতিমধ্যেই ওই বিজেপি কর্মীকে খুনের ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কেউই।





















