BJP Government in Bengal | সিন্ডিকেট ত্রাস কাটিয়ে ফের খুলল কারখানা
কলকাতা : পালাবদলের পরেও বেঁচে রয়েছে সিন্ডিকেট-রাজ। এবার একেবারে কাঠগড়ায় বিজেপি। বিধায়কের দলবদলের পরিচয় দিয়ে গুন্ডামির অভিযোগ, দমদমে বন্ধ সার কারখানা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে ইস্টার্ন অর্গানিক ফার্টিলাইজার কারখানায় হামলার অভিযোগ। বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সীর লোক বলে পরিচয় দিয়ে সার কারখানায় ঢুকে হামলা চালায় একদল। হামলার জেরে বন্ধ হয়ে যায় কারখানা। কিন্তু এই কেন এই হামলার ঘটনা? কর্তৃপক্ষের অভিযোগ, কারখানায় শুধুমাত্র নিজেদের লোক দিয়েই কাজ করাতে হবে হুঁশিয়ারি দেয় ওই দুষ্কৃতীর দল। শুধু তা-ই নয়, নিযুক্ত 'লোকেদের' দিতে হবে মাসোহারা, নির্মাণ-সামগ্রীও কিনতে হবে তাদের 'বেছে দেওয়া' ব্যক্তির থেকেই। ইতিমধ্যেই এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। শনিবারই কর্তৃপক্ষ থানায় ইমেল করে অভিযোগ দায়ের করে। তবে প্রাথমিক ভাবে কোনও পদক্ষেপই নিতে দেখা যায়নি পুলিশকে। পরবর্তীতে লাগাতর এবিপি আনন্দের খবর। তারপরেই গ্রেফতার করা হয়েছে দু'জন অভিযুক্তকে।






















