আজ উত্তরবঙ্গে জে পি নাড্ডা, আমন্ত্রণ পেয়েও যাচ্ছেন না রাহুল সিনহা
আজ উত্তরবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সাংগঠনিক বৈঠকের পাশাপাশি রয়েছে কোর কমিটির বৈঠকও। করোনা আক্রান্ত হওয়ায় যাচ্ছেন না দিলীপ ঘোষ। আমন্ত্রণ করা হলেও না যাওয়ার সিদ্ধান্ রাহুল সিনহার। ১৯-এর লোকসভা ভোটে ভাল ফলের পর ২০২১-এ বাংলার মসনদকেই পাখির চোখ করেছে বিজেপি। তাই ভোট যত এগিয়ে আসছে বাংলাকে ঘিরে ততই বাড়ছে কেন্দ্রীয় বিজেপির তত্পরতা। এই প্রেক্ষাপটে সোমবার উত্তরবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত্ প্রকাশ নাড্ডা। বিজেপি সূত্রে খবর, সোমবার সকাল ১১টা নাগাদ দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন নাড্ডা। তাঁর সঙ্গে রাজ্যে আসছেন বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষ। সাড়ে ১১টা নাগাদ বিমানবন্দর থেকে নৌকাঘাটে যাবেন নাড্ডা। ঠাকুর পঞ্চাননের মূর্তিতে মাল্যদানের পর আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেবেন তিনি। বেলা সাড়ে ১২টা নাগাদ, সেবক রোডের একটি হোটেলে উত্তরবঙ্গের নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।



















