Jagdeep Dhankar Press Conference: 'আমলারা জনগণের টাকায় মাইনে পান, আচরণ করেন রাজনৈতিক কর্মীদের মতো', সরব ধনকড়
ফের রাজ্য প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগে সরব রাজ্যপাল জগদীপ ধনকড়। শুক্রবার তিনি বলেন, কয়েকজন আমলা রাজনৈতিক কর্মীতে পরিণত হচ্ছেন। একুশ জনের নামের তালিকা মুখ্যমন্ত্রীকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূলের পাল্টা দাবি, রাজ্যপালের আচরণই রাজনৈতিক কর্মীর মতো।
বৃহস্পতিবার জে পি নাড্ডার কনভয়ে হামলার পরই প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন জগদীপ ধনকড়। মুখ্যসচিব এবং রাজ্য ডিজিপির সঙ্গে বৈঠকের পর তিনি ট্যুইট করে বলেন, মুখ্যসচিব এবং ডিজিপি আমার সঙ্গে দেখা করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, পড়ে থাকা বিষয়গুলি নিয়ে কিংবা বিজেপি সভাপতি জে পি নাড্ডার ওপর হামলার বিষয়ে তাঁরা কোনও আপডেট নিয়ে আসেননি। কোনও বিষয়ে উত্তর না দেওয়ার এই অবস্থান, সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত।


















