Annapurna Yojna | "১০ তারিখ বলে দেব....", কী ঘোষণা করলেন CM Suvendu Adhikari?
কলকাতা : অন্নপূর্ণা যোজনায় এখনও চলছে ভেরিফিকেশনের কাজ। তবে অনেকটাই শেষ হয়েছে। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, গত সরকারের লক্ষ্মী ভাণ্ডারের ব্যয় নিয়েও খতিয়ান তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, "২০২১ সালের সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়। তারপর বন্ধ থাকে। ২০২২ সালের এপ্রিল মাসে দিল, দু'মাসের টাকা এক সঙ্গে। খরচ পড়ল ২১ লক্ষ ৮৪ হাজার ৬৩১ টাকা। আবার ওই বছরে মে-জুন মাসে টাকা দিল। আমাদের কাছে সব হিসাব রয়েছে।"
তিনি আরও বলেন, "জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইন-অফলাইন আবেদন নেওয়া হয়েছে। যাঁরা অফলাইনে আবেদন জানিয়েছিলেন, তাঁদের পোর্টালে নাম নথিভুক্তের কাজ চলছে। এখনও পর্যন্ত ২ কোটি ১৬ লক্ষ আবেদন জানিয়েছেন, সেই ভেরিফিকেশনের কাজও প্রায় শেষ হয়েছে। ১০ই জুলাই পর্যন্ত যাঁরা আবেদন জানিয়েছে, তাঁদের ভেরিফিকেশন শেষ করা যাবে। যাঁরা ১১ই জুলাই থেকে আবেদন জানিয়েছেন, তাঁদের জন্য একটু সময় লাগবে। এই মাসের ১৭ই অগস্ট থেকে টাকাও পাঠাব।" তবে আপাতত যেহেতু ভেরিফিকেশন চলছে, তাই এত জটিলতা তৈরি হচ্ছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "আগামী মাস থেকে বিজেপি যতদিন থাকবে, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা পৌঁছে যাবে।" পাশাপাশি, কারা কারা টাকা পাবে, কী কী মানদণ্ড রয়েছে? সেই মর্মে আগামী ১০ তারিখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে বলেই জানান মুখ্যমন্ত্রী।






















