MG Plug-in Hybrid: ইলেকট্রিক গাড়ির পর এবার MG-এর প্লাগ-ইন হাইব্রিড, কতটা জনপ্রিয় হবে এই SUV?
MG New Hybrid Car: MG-র এই নতুন SUV-টি সম্পূর্ণ বৈদ্যুতিক নয়। এটি আসবে প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির সঙ্গে। অর্থাৎ, এতে পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি ব্যাটারি-চালিত বৈদ্যুতিক মোটরও থাকবে।

কলকাতা: ভারতের নিউ এনার্জি ভেহিকল বাজারে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে এবার নতুন SUV আনতে চলেছে JSW MG Motor। আগামী মাসের ১৬ তারিখে সংস্থা তাদের নতুন প্লাগ-ইন হাইব্রিড SUV-এর আত্মপ্রকাশ ঘটাবে। আন্তর্জাতিক বাজারে Wuling Starlight 560 নামে পরিচিত এই মডেলটি ভারতে অবশ্য লঞ্চ হবে অন্য নামে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর কয়েক মাসের মধ্যেই গাড়িটির দাম ঘোষণা করা হতে পারে।
আরও পড়ুন: ভারতে আসছে Skoda-র নতুন SUV, ইঞ্জিনের পারফরম্যান্স দুর্দান্ত, কত দাম হবে দেশের বাজারে?
MG-র এই নতুন SUV-টি সম্পূর্ণ বৈদ্যুতিক নয়। এটি আসবে প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির সঙ্গে। অর্থাৎ, এতে পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি ব্যাটারি-চালিত বৈদ্যুতিক মোটরও থাকবে। ফলে এই গাড়ির রেঞ্জ হবে অনেক বেশি, এই গাড়ির মাইলেজও অন্য গাড়ির থেকে অনেকটা ভাল হবে। এবং এই গাড়ির কার্বন ফুটপ্রিন্টও অনেক কম হবে। সংস্থার লক্ষ্য, ভারতের ক্রমবর্ধমান হাইব্রিড গাড়ির বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা।
নতুন এই SUV-টি MG Hector-এর উপরে অবস্থান করবে। তবে বাজারে এর সাফল্য অনেকটাই নির্ভর করবে মূল্য নির্ধারণ এবং সঠিক পজিশনিংয়ের উপর। কারণ, MG Windsor-এর ক্ষেত্রে সংস্থা প্রতিযোগিতামূলক দাম, প্রশস্ত কেবিন এবং আধুনিক ফিচারের সমন্বয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। বর্তমানে Windsor EV-ই ভারতে MG -এর সর্বাধিক বিক্রিত মডেল।
আরও পড়ুন: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
বিশেষজ্ঞদের মতে, Starlight 560-র ক্ষেত্রেও যদি MG একই ধরনের মূল্যনীতি গ্রহণ করে, তাহলে ৪ মিটারের বেশি দৈর্ঘ্যের SUV সেগমেন্টে এটি উল্লেখযোগ্য বাজার দখল করতে পারে। তবে প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির কারণে গাড়িটির দাম প্রতিযোগিতামূলক রাখা সংস্থার জন্য বড় চ্যালেঞ্জ হবে।
আগামী ১৬ তারিখে গাড়িটির ডিজাইন, ফিচার এবং প্রযুক্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এরপরই স্পষ্ট হবে, MG-র এই নতুন প্লাগ-ইন হাইব্রিড SUV ভারতের বাজারে Windsor-এর মতো জনপ্রিয়তা অর্জন করতে পারে কি না। প্রযুক্তি, পারফরম্যান্স এবং দামের সঠিক ভারসাম্য বজায় রাখতে পারলে এই মডেলটি ভারতের ক্রেতাদের কাছে কিন্তু নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে।























