Abhishek Banerjee: প্রবল জনরোষ, অভিষেককে ডিম-জুতো, 'ওঁর এটাই প্রাপ্য', সোনারপুরে ক্ষোভে ফুঁসছে জনতা
কালীঘাট থেকে সোনারপুর যাওয়ার কামালগাজি মোড়ে প্রথমে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ভোটে ভরাডুবির ২৬ দিন পর, প্রথম কোনও প্রকাশ্য কর্মসূচিতে বেরিয়েই, প্রবল জনরোষের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উঠল চোর চোর স্লোগান! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে ছোড়া হল ডিম। উড়ে এল জুতো। হেলমেট পরেও রক্ষা পেলেন না। শনিবার এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আছড়ে পড়ল জনরোষ।
কালীঘাট থেকে সোনারপুর যাওয়ার কামালগাজি মোড়ে প্রথমে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি ঘিরে চোর চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা।
যদিও এক বিক্ষোভকারীর দাবি, 'ওঁর নিজের জন্যই এই পরিস্থিতি। এই ঘটনার জন্য আর কেউ দায়ী নয়। আজকে যে দিন দেখছে সেটা ওঁর প্রাপ্য।' আরেক বিক্ষোভকারী বলেন, 'গত ১৫ বছরে পশ্চিমবঙ্গের মানুষের জীবন শেষ করে দিয়েছে। আর ওঁর দল বলছে একটা কমিউনিটি না কী আমাদের শেষ করে দেবে'। আরেক বিক্ষোভকারী এও বলেন, 'এই জনরোষ জনতার। কোনও দলের ক্ষোভ নয়। বলেছিলেন ৪ তারিখের পর মা-বোনেদের রাখবে না। এটা তো কিছুই হয়নি আজ। উনি যা করেছে তার পাল্টা কিছুই করা হয়নি'।
আরও পড়ুন, জন্ম নিয়ন্ত্রণ করে পরিবার পরিকল্পনা নিয়ে পদক্ষেপের পথে রাজ্য?
তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। শুরু হয় টানা হেঁচড়া। বাইক থেকে কার্যত পড়েও যান তিনি। প্রবল রোষের মধ্যে পড়ে বাইক থেকে নেমে দলীয় কর্মীর বাড়ির দিকে হাঁটতে শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই তাঁকে ঘিরে ধরেন ক্ষুব্ধ এলাকাবাসী।
কোনওরকমে কয়েকশো উত্তেজিত এলাকাবাসীর প্রবল ক্ষোভের মধ্যে দিয়ে কখনও ধস্তাধস্তি, টানা হেঁচড়ার সঙ্গে প্রবল চোর চোর স্লোগানের মধ্যে দিয়ে এগোতে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবল জনরোষের মধ্যে প্রায় ১ কিলোমিটার রাস্তা দিয়ে হেঁটে নিহত দলীয় কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষমেষ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এসে জনরোষের মধ্যে পড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করে সোনারপুর থানার পুলিশ।
Before You Go
Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda





















