Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Academy of Fine Arts: গেরুয়া রং পাল্টে সাদা রং করে দেওয়া হল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের।

কলকাতা: পুরনো রংই ফিরে পেল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস। গেরুয়া রং পাল্টে সাদা রং করে দেওয়া হল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের। পালাবদলের পর অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসে রং বদলের অভিযোগ ওঠে। গত ১২ জুলাই অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং করে দেওয়া হয়। রংবদল নিয়ে আগেই শমীক ভট্টাচার্যকে চিঠি দিয়েছিলেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন, বিভাস চক্রবর্তীরা চিঠিতে সই করেছিলেন অরুণ মুখোপাধ্য়ায়, অশোক মুখোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্য। শেষ পর্যন্ত নাট্যবক্তিত্বরাই পুরনো রং ফিরিয়ে আনলেন। রং করছেন নিজেরাই। (Academy of Fine Arts)
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর রাতারাতি ভোল বদলে গিয়েছিল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের। মূল ফটকের পাশের টিকিট কাউন্টারের রং গেরুয়া করে দেওয়া হয়। পাশে লাগানো হয় 'ভারতমাতা'র ব্যানার। সেই নিয়ে নিন্দার ঝড় ওঠে শহর কলকাতায়। নাট্যব্যক্তিত্ব থেকে রাজনীতিকদের একাংশ নিন্দায় সরব হয়েছিলেন। শাসকদল বিজেপি-র কয়েকজনও বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন সেই সময়। কিন্তু তার পরও এতদিন রং বদলায়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার শিল্পী এবং নাট্যব্যক্তিরাই রংবদলের কাজে হাত লাগালেন। গেরুয়া রং মুছে ফেলে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনছেন তাঁরা। হেরিটেজ রং সাদা ফেরাচ্ছেন তাঁরা। (Kolkata News)
আরও পড়ুন: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
সংস্কৃতিপ্রেমী মানুষজন এদিন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে পৌঁছন। গেরুয়া থেকে সাদা রংয় করার কাজে হাত লাগান তাঁরা। জানান, অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস শিল্পের প্রাঙ্গন। তার গায়ে কোনও রাজনৈতিক রংয়ের ছোঁয়া লাগানো যাবে না, গৈরিকীকরণ চলবে না। তাই আগের সাদা রংই ফিরিয়ে আনা হচ্ছে। এদিন বিকেলে দেখা যায়, গেরুয়ার উপর সাদা রংয়ের প্রলেপ পড়ে গিয়েছে। সব গেরুয়া রংয়ের উপর সাদা রংয়ের প্রলেপ লাগানো হয়।
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসকে সাদা রং করার কাজে এদিন হাত লাগান শিল্পীরাও। শিল্পী রিয়া মুখোপাধ্যায় বলেন, "রাজনীতিকরণ নিয়ে কি কোনও সন্দেহ আছে? এর আগে কত সরকার এসেছে, কত সরকার গিয়েছে। এখানে তো রং পড়েনি? তাহলে আজ কেন?" নিজেদের কেন হাত লাগাতে হল, তা নিয়ে রিয়া বলেন, "আমরা সমস্ত রকমের চেষ্টা করেছি। যাদের জানানোর, যে সমস্ত বিভাগে বলার...কোনও সদুত্তর পাইনি সেখান থেকে। তাই আমরাই সাদা করে দিচ্ছি।"
এদিন রংয়ের কাজ চলাকালীন হেস্টিংস থানার পুলিশও পৌঁছে যায় ঘটনাস্থলে, যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়। শিল্পী থেকে বাম নেতৃত্বের একাংশ পরিষ্কার জানাচ্ছেন, শিল্প-সংস্কৃতির জায়গায় রাজনৈতিক রং চলে না। ঘটনাস্থলে উপস্থিত বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "হেরিটেজ প্রতিষ্ঠানে গেরুয়া রং করে দিলাম...এর সঙ্গে শিল্প, সংস্কৃতি, সভ্যতার কোনও সম্পর্ক নেই। নাট্য আন্দোলনের প্রবীণরা শমীকবাবুর সঙ্গে দেখা করেছিলেন। ১৫ দিনের মধ্যে পুরনো রং ফিরিয়ে দেবেন বলেছিলেন উনি। ১৫ দিন পেরিয়ে যাওয়ার পরও দেননি। আমার মিটিং করে ঘোষণা করেছিলাম যে, রং ফিরিয়ে না দিলে আমরা করব। ওঁরা দেননি, তাই নাট্যকর্মীদের সঙ্গে মিলে পুরনো রং ফিরিয়ে দিলাম। ঐতিহ্য, এই বাড়ির সঙ্গে সাযুজ্য থাকা দরকার। দুম করে গেরুয়া করে দিলাম! অসভ্যতা।"
নাট্যশিল্পী চন্দন সেন বলেন, "রং কখনওই লাল ছিল না। টেরাকোটা রং ছিল। বহুরূপীর জন্য কাউন্টার করা হয়েছিল। সেটার সঙ্গে এমন গুন্ডামি করার মানে নেই। অবাঞ্ছিত ব্যাপার। এমন অবাঞ্ছিত ঘটনা ঘটালে মানুষ তো প্রতিক্রিয়া জানাবেই! সেই প্রতিক্রিয়াই জানানো হচ্ছে। সাদাই থাকুক। ওরা বলেছেও, করলে পরদিন আবার গেরুয়া করে দেবে। চ্যালেঞ্জ করে বলেছে, পাল্টাবে না, কী করবেন? যেভাবে বলা হয়েছে, আমরা যেটা পারি করলাম।"






















